সুনীল-হুমায়ূন থাকবেন প্রতিটি বাঙালির হৃদয়ে
দুই বাংলার জনপ্রিয় দুই লেখক সুনীল গঙ্গোপাধ্যায় ও হুমায়ূন আহমেদের স্মৃতিচারণা করে মুনতাসীর মামুন বলেন, ‘বাংলা সাহিত্য দুই প্রথিতযশা লেখককে হারাল। এ ক্ষতি অপূরণীয়। এই দুই লেখককে হারিয়ে বাংলা সাহিত্য পঙ্গু হয়ে গেল। তাঁরা আমাদের শূন্য করে গেলেন। বাংলা সাহিত্যে তাঁদের আরও দেওয়ার কথা ছিল, কিন্তু দিতে পারলেন না। চলে গেলেন।’ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতায় আয়োজিত পাঁচ দিনব্যাপী বাংলাদেশ বইমেলার চতুর্থ দিনে গত রোববার সন্ধ্যায় দুই লেখকের স্মরণসভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও লেখক মুনতাসীর মামুন এ কথা বলেন। কলকাতার নোটারি সদন মিলনায়তনে সুনীল গঙ্গোপাধ্যায় ও হুমায়ূন আহমেদের স্মরণসভাটি অনুষ্ঠিত হয়। গতকাল সোমবার এই বইমেলা শেষ হয়েছে।কথাসাহিত্যিক আনিসুল হক স্মরণসভায় বলেন, ‘বাংলা সাহিত্যের এই দুই দিকপাল দুই দেশে কতটা জনপ্রিয় ছিলেন, তার ছবি ফুটে উঠেছে তাঁদের প্রয়াণের পর। শোকসভায় বাঁধভাঙা মানুষের মিছিল প্রমাণ করে দিয়েছিল—তাঁরা মরেন না, বেঁচে থাকেন। তাঁরা বেঁচে থাকবেন বাঙালির হূদয়ে, যুগ যুগ ধরে। তাঁরা অমর হয়ে থাকবেন ইতিহাসের পাতায়। অমর হয়েই প্রতিটি বাঙালির হৃদয়ে থাকবেন।’স্মরণসভায় কলকাতার কবি প্রসূন ভৌমিক, সাংবাদিক দেবাশীষ মিত্র, বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির নির্বাহী পরিচালক ফরিদ আহমেদ প্রমুখ বক্তব্য দেন। সভাপতিত্ব করেন কলকাতায় নিযুক্ত বাংলাদেশের উপহাইকমিশনার আবিদা ইসলাম।কলকাতায় ইন্দো-বাংলাদেশ কালচারাল সেন্টার এবং বাংলাদেশ উপহাইকমিশন যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানের শুরুতে দুই লেখকের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।বাংলাদেশের এই মেলায় বাংলাদেশের ২৬টি প্রকাশনা সংস্থা যোগ দেয়। এই মেলার আয়োজন করে বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরো ও কলকাতায় বাংলাদেশের উপহাইকমিশন। সহযোগিতা করেছে বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতি।