সুনীলকে শেষ শ্রদ্ধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উপমহাদেশের প্রখ্যাত সাহিত্যিক ও বাংলাদেশের মুক্তিযুদ্ধের কলম-বন্ধু প্রয়াত সুনীল গঙ্গোপাধ্যায়ের প্রতি আজ বৃহস্পতিবার রবীন্দ্রসদন প্রাঙ্গণে শেষ শ্রদ্ধা জানিয়েছেন সর্বস্তরের মানুষ। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির পক্ষ থেকে কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার আবিদা ইসলাম ফুল দিয়ে শেষ শ্রদ্ধা নিবেদন করেন। পরে বিকেলে দক্ষিণ কলকাতার কেওড়াতলা মহাশ্মশানে সুনীল গঙ্গোপাধ্যায়ের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়। এর আগে সকালে সব্যসাচী এ লেখকের মরদেহ শব সংরক্ষণাগার পিস হেভেন থেকে তাঁর দীর্ঘদিনের কর্মস্থল ‘আনন্দবাজার পত্রিকা’র কার্যালয়ে নেওয়া হয়। সেখান থেকে বেলা পৌনে ১১টার দিকে নেওয়া হয় রবীন্দ্রসদন প্রাঙ্গণে। এখানেই সর্বস্তরের মানুষ লেখকের প্রতি তাঁদের শেষ শ্রদ্ধা নিবেদন করেন। রবীন্দ্রসদন থেকে মরদেহ নেওয়া হয় সাহিত্য আকাদেমি ভবনে। সুনীল গঙ্গোপাধ্যায় সাহিত্য আকাদেমির সভাপতি ছিলেন। সেখান থেকে লেখককে নেওয়া হয় মহাশ্মশানের দিকে। সেখানেই সম্পন্ন হয় তাঁর শেষকৃত্য। এর আগে তাঁর পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছিল, সুনীলের ইচ্ছানুযায়ী তাঁর মরদেহ কলকাতার কোনো মেডিকেল কলেজে দান করা হবে। কিন্তু একমাত্র ছেলে শৌভিক গঙ্গোপাধ্যায় গতকাল যুক্তরাষ্ট্র থেকে ফেরার পর সিদ্ধান্ত পাল্টানো হয়। ছেলের ইচ্ছা অনুযায়ী বাবার মরদেহ সত্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শৌভিক গতকাল বুধবার সকালে যুক্তরাষ্ট্রের বোস্টন থেকে কলকাতায় পৌঁছান। ‘প্রথম আলো’কে শৌভিক জানান, তাঁর বাবার শেষকৃত্য হবে কেওড়াতলা মহাশ্মশানে। পরিবারের সদস্যদের ইচ্ছানুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শৌভিক আরও জানান, বাবাকে যে এভাবে দেখতে হবে তা তিনি ভাবতে পারেননি। গত জুলাই মাসে তিনি সর্বশেষ কলকাতায় এসেছিলেন। বাবা যে অসুস্থ, তা-ও জানতেন না তিনি। বাবার মৃত্যুসংবাদ তাঁর কাছে ছিল বিনা মেঘে বজ্রপাতের মতো। শৌভিক দুঃখ করে বলেন, ‘এখন মা বড্ড একা হয়ে গেল।’ এবার তিনি মা স্বাতী গঙ্গোপাধ্যায়কে বোস্টন নিয়ে যাবেন।শৌভিক তিন থেকে চার সপ্তাহ কলকাতায় থাকবেন। বাবার মৃত্যুসংবাদ পাওয়ার দুই ঘণ্টার মধ্যে তিনি বোস্টন থেকে রওনা দেন। তাই স্ত্রী-ছেলেকে সঙ্গে আনতে পারেননি। সুনীল গঙ্গোপাধ্যায় গত সোমবার গভীর রাতে হূদরোগে আক্রান্ত হয়ে তাঁর কলকাতার বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর জন্ম বাংলাদেশের বৃহত্তর ফরিদপুর জেলার (বর্তমানে মাদারীপুর) মাইজপাড়া গ্রামে, ১৯৩৪ সালের ৭ সেপ্টেম্বর। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় তিনি এসে দাঁড়িয়েছিলেন বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের পাশে। ঘুরেছেন বিভিন্ন শরণার্থী শিবির। লিখেছেন মুক্তিযুদ্ধ নিয়ে প্রবন্ধ, কবিতা ও উপন্যাস।