সুনীলের মৃত্যুতে তসলিমার প্রতিক্রিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলা সাহিত্যের সব্যসাচী লেখক সুনীল গঙ্গোপাধ্যায়ের মৃত্যুতে প্রতিক্রিয়া জানিয়েছেন কিছুদিন আগে তাঁর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তোলা তসলিমা নাসরীন।আউটলুক ইন্ডিয়া ডটকমের দোলা মিত্র সুনীলকে নিয়ে লেখা তাঁর স্মৃতিচারণায় তসলিমা নাসরীনের প্রতিক্রিয়া যুক্ত করেছেন। দোলা জানিয়েছেন, তিনি ফোন করে তসলিমার কাছ থেকে এ প্রতিক্রিয়া নিয়েছেন।সুনীল গঙ্গোপাধ্যায়ের মৃত্যু নিয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে তসলিমা নাসরীন বলেন, ‘আমি তাঁর মৃত্যুর সংবাদে মর্মাহত। আমি আশা করিনি, তিনি এত দ্রুত চলে যাবেন। তিনি যা করেছেন, তার জন্য আমি তাঁর সমালোচনা করেছি এবং আমি তাঁকে কখনোই ক্ষমা করব না। তবে আমি অবশ্যই তাঁর দ্রুত মৃত্যু চাইনি। আমি তাঁর লেখা পড়ে বেড়ে উঠেছি। একজন লেখক হিসেবে আমি তাঁকে শ্রদ্ধা করতাম।’ তসলিমা বলেন, ‘কলকাতা থেকে আমার এক বন্ধু ফোনে এ সংবাদটি জানানোর পর আমি দ্রুত টেলিভিশন খুলি। তাঁর সাম্প্রতিক ছবি দেখে আমি মর্মাহত হয়েছি। আমি বুঝতে পারিনি, তিনি কতটা অসুস্থ হয়ে পড়েছিলেন। কিন্তু তিনি যে আমাকে নিগৃহীত করেছিলেন, তা ফাঁস করার জন্য আমি সামান্যতমও অপরাধ বোধ করছি না।’ তসলিমা আরও বলেন, ‘আমাদের দেশের সমস্যা হলো, যখন কেউ কোনো ক্ষেত্রে বিশাল সাফল্য অর্জন করে, এ ভিত্তির ওপর ভর করে তিনি মনে করেন যে, কোনো ভুল তিনি করতে পারেন না। তিনি সাধুত্ব অর্জন করেছেন এবং তাঁর বিরুদ্ধে কোনো কিছু বললে তা ভ্রষ্টাচার বলে বিবেচিত হবে। মৃত ব্যক্তির সমালোচনাকারীকে খারাপভাবে দেখা হয়। আমি নিশ্চিত, আমার ক্ষেত্রেও তা-ই হবে। কিন্তু মানুষ কী ভাবে তা নিয়ে আমি কখনোই ভীত নই। সুনীল ও আমার মধ্যে অনেক মিল ছিল। বাংলা সাহিত্যের প্রতি আমাদের দুজনেরই ভালোবাসা অনেক। আমার বইয়ের ওপর নিষেধাজ্ঞায় তাঁর সমর্থনের আগপর্যন্ত আমি মনে করতাম যে, আমরা বাকস্বাধীনতার পক্ষে কাজ করব।’ তসলিমা বলেন, ‘তাঁর চরিত্রের এ দুটি কালিমা তাঁর প্রতি আমার শ্রদ্ধা কমিয়ে দিয়েছে। এমনকি এখনো। এটা বলতে আমার কোনো দ্বিধা নেই।’