সুনীলের শেষকৃত্য হবে শ্মশানে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়ের শেষকৃত্য আগামীকাল বৃহস্পতিবার দুপুরে কলকাতার কেওড়াতলা মহাশ্মশানে সম্পন্ন হবে।সকালে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কলকাতায় ফিরে সুনীল গঙ্গোপাধ্যায়ের একমাত্র ছেলে শৌভিক গঙ্গোপাধ্যায় আজ বুধবার প্রথম আলো ডটকমকে এ কথা জানিয়েছেন।শৌভিক জানান, বাবার শেষকৃত্য হবে কেওড়াতলা মহাশ্মশানে। পরিবারের সদস্যদের ইচ্ছানুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।এর আগে সুনীল গঙ্গোপাধ্যায়ের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছিল, আনুষ্ঠানিকতা শেষে লেখকের অন্তিম ইচ্ছা অনুসারে তাঁর মরদেহ কোনো একটি মেডিকেল কলেজে দান করা হবে। তবে ছেলে শৌভিক তাতে অনাগ্রহ প্রকাশ করেছেন। এ কারণে সুনীল গঙ্গোপাধ্যায়ের মরদেহ দাহ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সুনীল গঙ্গোপাধ্যায়ের মরদেহ এখন কলকাতার রফি আহমেদ কিদোয়াই রোডে অবস্থিত লাশ রাখার ঘর পিস হ্যাভেনে রয়েছে। শেষকৃত্যের আগে শ্রদ্ধা নিবেদনের জন্য মরদেহ নেওয়া হবে তাঁর দীর্ঘদিনের কর্মক্ষেত্র ‘আনন্দবাজার পত্রিকা’র কার্যালয়ে। এ ছাড়া রবীন্দ্রসদন ও সাহিত্য আকাদেমিতেও সুনীলকে শ্রদ্ধা জানানো হবে। এর পরপরই কেওড়াতলা মহাশশ্মানের দিকে অন্তিমযাত্রা হবে বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ এই কথাসাহিত্যিকের।সুনীল গঙ্গোপাধ্যায় গত সোমবার গভীর রাতে হূদরোগে আক্রান্ত হয়ে তাঁর কলকাতার বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর আকস্মিক মৃত্যুতে দুই বাংলার শিল্পী, সাহিত্যিক ও অগণিত পাঠকের মধ্যে নেমে আসে শোকের ছায়া। সুনীল গঙ্গোপাধ্যায় ছিলেন বহুপ্রজ লেখক। বিষয়ে বিচিত্র, পরিমাণে বিপুল তাঁর রচনাসম্ভার। তা সত্ত্বেও অনুরাগী পাঠকেরা তাঁকে প্রধানত কবি হিসেবে আখ্যায়িত করতেই পছন্দ করেন। ‘কেউ কথা রাখেনি’ সমকালীন বাংলা কাব্যের অন্যতম জনপ্রিয় কবিতা। ‘যদি নির্বাসন দাও’, ‘তুই একবার এসে দেখে যা নিখিলেশ’, ‘হারিয়ে যেও না নীরা’—এমন অসংখ্য কবিতার জন্য কাব্যানুরাগীদের কাছে কবি সুনীল গঙ্গোপাধ্যায় ঔপন্যাসিক সুনীলের চেয়ে এগিয়ে আছেন।১৯৩৪ সালের ৭ সেপ্টেম্বর বাংলাদেশের বৃহত্তর ফরিদপুর জেলার (বর্তমান মাদারীপুর) মাইজপাড়া গ্রামে সুনীল গঙ্গোপাধ্যায়ের জন্ম। শৈশব কেটেছে এ গ্রামেই। ১৯৫১ সালে লেখালেখি শুরু করেন তিনি। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় তিনি এসে দাঁড়িয়েছিলেন মুক্তিযোদ্ধাদের পাশে। ঘুরেছেন বিভিন্ন শরণার্থী শিবির। মুক্তিযুদ্ধ নিয়ে লিখেছেন প্রবন্ধ, কবিতা ও উপন্যাস। মার্কিন কবি অ্যালেন গিনসবার্গকে নিয়ে তিনি গিয়েছেন বনগাঁ শরণার্থী শিবিরে। সে সময় তিনি লিখেছিলেন ‘১৯৭১’ নামে একটি কবিতা। মুক্তিযুদ্ধের সময় লিখেছেন ‘অর্জুন’ নামে একটি উপন্যাস। সুনীল গঙ্গোপাধ্যায় দীর্ঘদিন যুক্ত ছিলেন ‘আনন্দবাজার পত্রিকা’র সঙ্গে। ১৯৭১ সালে তিনি চাকরি নেন এই পত্রিকায়। তখন তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে অনেক লেখালেখি করেন। তিনি ছিলেন কবিতাপত্রিকা ‘কৃত্তিবাস’-এর সম্পাদক। এ বছরও পূজাসংখ্যার জন্য বিভিন্ন পত্রপত্রিকায় লিখেছেন। ‘নীল লোহিত’, ‘সনাতন পাঠক’ ও ‘নীল উপাধ্যায়’ নামেও লিখতেন। তিনি কলকাতার শেরিফও ছিলেন। ছিলেন সাহিত্য আকাদেমির সভাপতি।সুনীল গঙ্গোপাধ্যায় প্রকৃতই দুই হাতে লিখেছেন। সাহিত্যের সব অঙ্গনেই ছিল তাঁর স্বতঃস্ফূর্ত বিচরণ। কবিতা ছাড়াও লিখেছেন উপন্যাস, প্রবন্ধ, গল্প, নাটক, রম্যরচনা, ভ্রমণকাহিনি, শিল্পকলাবিষয়ক রচনা, শিশুসাহিত্য, অনুবাদ। কিশোরদের জন্য তাঁর লেখা ‘কাকাবাবু সিরিজ’ অত্যন্ত জনপ্রিয়। সব মিলিয়ে তাঁর গ্রন্থের সংখ্যা দুই শতাধিক।সুনীল গঙ্গোপাধ্যায়ের উল্লেখযোগ্য উপন্যাসগুলোর মধ্যে রয়েছে ‘অরণ্যের দিনরাত্রি’, ‘সেই সময়’, ‘রক্ত’, ‘অর্জুন’, ‘পুরুষ’, ‘অগ্নিপুত্র’, ‘প্রথম আলো’, ‘সরল সত্য’, ‘প্রতিদ্বন্দ্বী’, ‘মহাপৃথিবী’, ‘রক্তমাংস’, ‘জীবন যে রকম’, ‘পূর্ব পশ্চিম’, ‘একা এবং কয়েকজন’, ‘মনের মানুষ’ প্রভৃতি। সুনীল গঙ্গোপাধ্যায় আনন্দ পুরস্কার, সাহিত্য আকাদেমি পুরস্কার, হিন্দু সাহিত্য পুরস্কারসহ বহু সম্মাননা পেয়েছেন। তাঁর জীবন ও সাহিত্য নিয়ে কলকাতায় একটি তথ্যচিত্রও তৈরি হয়েছে।