সুন্দর খেলা নয়, জয় চান দুঙ্গা
পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের নাম এলে উঠে আসে তাদের ‘সুন্দর খেলা’র সোনালি ইতিহাস। পরিচ্ছন্ন খেলা উপহার দিতে ব্রাজিলের জুড়ি নেই। এবার আরেকটি বিশ্বকাপ যখন সমাগত, তখন আবারও ব্রাজিলের কাছে সুন্দর খেলা প্রত্যশা করছে সবাই। তবে কোচ কার্লোস দুঙ্গা এটি নিয়ে ভাবছেন না। সুন্দর খেলার চেয়ে জয়ই তার কাছে মুখ্য বলে জানিয়ে রেখেছেন তিনি। খেলার সৌন্দর্য বাড়ানোর জন্য বাড়তি সময় নেই বলেও মন্তব্য করেছেন তিনি। ফুটবলার হিসেবে তিনটি বিশ্বকাপে অংশ নিয়েছেন দুঙ্গা। ১৯৯৪ সালে নেতৃত্ব দিয়ে ব্রাজিলকে শিরোপা এনে দেন তিনি। ২০০৬ সালের বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল থেকে ব্রাজিল ছিটকে পড়লে দায়িত্ব নেন দুঙ্গা। এই চার বছরে ব্রাজিল দলকে একেবারে ঢেলে সাজিয়েছেন দুঙ্গা। গড়ে তুলেছেন দুর্ভেদ্য রক্ষণভাগ। আক্রমণের চেয়ে পাল্টা আক্রমণের মানসিকতা ফুটবলারদের মনে-প্রাণে গেঁথে দিয়েছেন তিনি।রয়টার্সকে দুঙ্গা বলেন, ‘আমরা যদি আবারও সুন্দর খেলার দিকে মনোনিবেশ করি, তাহলে অনেক পেছনে চলে যেতে হবে। আমাদের চোখের সামনে ইউরোপের দলগুলো আনন্দ করবে। আমাদের শুধু চেয়ে চেয়ে দেখতে হবে। এটার হতে পারে না।’ এর পরই ব্রাজিলের এই কোচ যোগ করেন, ‘আমরা জয় চাই। ফুটবলের সৌন্দর্যের দিকে তাকানোর সময় নেই আমাদের।’রোনালদিনহো ও আদ্রিয়ানোরা দলে নেই। কিন্তু বিশ্বকাপে ব্রাজিল দলে আছে এক ঝাঁক তরুণ। যারা প্রতিপক্ষকে হারিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। তবে ব্রাজিলের আক্রমণভাগের কেন্দ্রে থাকছেন কাকা। ফিফা সাবেক বর্ষসেরা এই ফুটবলারের দিকেই তাকিয়ে আছেন বিশ্বের কোটি কোটি ফুটবল সমর্থক। কাকা নিজেও তাঁর ওপর সমর্থকদের প্রত্যাশা সম্পর্কে অবগত। রিয়াল মাদ্রিদের হয়ে গত মৌসুমটা ভালো না কাটলেও বিশ্বকাপেই নিজের সেরা খেলাটা উপহার দেবেন বলে সমর্থকদের আশ্বস্ত করেছেন তিনি।