সুন্দর সকালটা হঠাৎই কুৎসিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সবাই হাততালি দিন ভাই! ভারতকে দ্বিতীয়বার ব্যাটিংয়ে নামাতে পেরেছে বাংলাদেশ। শাবাশ! শাবাশ!!তৃতীয় দিন লাঞ্চের সময় ভারত যখন ৮ উইকেটে ৫৪৪ রানে ইনিংস ছাড়ল, তখন তো এটাই প্রত্যাশা ছিল আপনার, তাই না?ভারতকে আবার ব্যাটিং করাতে বাংলাদেশকে করতে হতো ৩১১ রান। কঠিন কাজ। এর আগে দুদলের ৬টি টেস্টের ইতিহাস দেখুন। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ কখনো এত রান করেছে নাকি!সর্বোচ্চ ছিল চট্টগ্রামে প্রথম টেস্টে ৩০১। সেটিকে ছাড়িয়ে এখানে ৩১২। ২ রানের জন্য নামতে হলো বীরেন্দর শেবাগ-গৌতম গম্ভীরকে। ইনিংস পরাজয় এড়াতে পারল বাংলাদেশ। সবার তো খুশিই হওয়া উচিত।খুশি! কীসের খুশি?কাল দুপুরের পর থেকে আপনার খিঁচড়ে থাকা মেজাজটা আরও খিঁচড়ে যাওয়ার কথা এই শব্দটিতে। হ্যাঁ, যদি এমন হয় যে, আপনি খেলা দেখেননি, স্কোরকার্ডটাও দেখেননি খুঁটিয়ে—তাহলে চূড়ান্ত স্কোরটা দেখে খুশি হতেই পারেন। টেস্ট ক্রিকেটে বাংলাদেশের কটিই বা তিন শ ছাড়ানো ইনিংস? ৩১২ তো ভালোই। ভালো না কচু! এমন নিরানন্দ তিন শ আর দেখেনি বাংলাদেশের ক্রিকেট। এই ৩১২ আশাভঙ্গের বেদনায় নীল। এই ৩১২-তে টর্নেডোতে চোখের পলকে ধ্বংসস্তূপে পরিণত জনপদের মতো বিধ্বস্ত বাংলাদেশের ব্যাটিংয়ের প্রতিচ্ছবি। তামিম ইকবালের ভয়াল সুন্দর ১৫১, জুনায়েদ সিদ্দিকের লড়াকু ৫৫, নাইটওয়াচম্যান শাহাদাত হোসেনের বিনোদনে ভরা ৪০—সব মুছে গিয়ে এই ৩১২-তে জেগে আছে শুধু হাহাকার। সুন্দর একটা সকালের হঠাত্ই কুিসত হয়ে যাওয়ার দুঃখ।৩ উইকেটে ২২৮ রানে শুরু সেই সকালের। শুরু হতে না-হতেই উইকেটের ঘরে ‘৪’ হয়ে যাওয়ার কথা। শাহাদাত আর কতক্ষণই বা থাকবেন?থাকলেন প্রায় দেড় ঘণ্টা। আশরাফুলের সঙ্গে তাঁর ৭৮ রানের জুটি সহজ উইকেটকে সহজতর মনে করাল, ভারতীয় বোলিংকে একেবারেই নির্বিষ। ৪টি চার মারলেন শাহাদাত, ১টি ছয়ও। ১০০ মিনিট উইকেটে থেকে ৭৪ বলে ৪০ রান করে যখন আউট হলেন, পেলেন তুমুল করতালি। নাইটওয়াচম্যানের কাছ থেকে যা প্রত্যাশা থাকে, শাহাদাত তো বেশিই করেছেন এর চেয়ে। বাংলাদেশ ৪ উইকেটে ২৯০। আর মাত্র ২১ রানের ব্যাপার। এর পরই সমান হয়ে যাবে দুদলের স্কোর। তার পর একটি একটি করে রান হবে আর কপালে ভাঁজ বাড়বে মহেন্দ্র সিং ধোনির। না, ম্যাচটা জমেই যাচ্ছে!এটা ছিল স্বপ্ন। আর বাস্তবতা? বাস্তবতা ওই টর্নেডো, যাতে খড়কুটোর মতো উড়ে গেল বাংলাদেশের বাকি ইনিংস। শাহাদাতের পর আশরাফুল। আশরাফুলের পর সাকিব। সাকিবের পর রকিবুল।রকিবুলের পর মাহমুদউল্লাহ... একের পর এক ব্যাটসম্যান আসছেন আর যাচ্ছেন। মিরপুর স্টেডিয়ামে চলছে যেন অবিশ্বাস্য এক নাটকের মঞ্চায়ন।প্রজ্ঞান ওঝার প্রায় একতলা উচ্চতার ফ্লাইটেড বল জায়গায় দাঁড়িয়ে খেলে কট বিহাইন্ড আশরাফুল। ওঝার প্রতি তাচ্ছিল্য প্রকাশ করতে সাকিব নেমেই ছক্কা হাঁকালেন। ওঝার পরের ওভারে সুইপ করতে গিয়ে স্কয়ার লেগে ক্যাচ। রকিবুল জহির খানের বল ব্যাট উঁচিয়ে ছেড়ে দিয়ে বোল্ড!রকিবুলকে দিয়েই জহির খানের রিভার্স সুইংয়ের জাদু দেখানোর শুরু। দ্বিতীয় বলে রকিবুল, চতুর্থ ও পঞ্চমটিতে মাহমুদউল্লাহ ও শফিউলকে ফিরিয়ে দাঁড়িয়ে ছিলেন হ্যাটট্রিকের সামনে। সেটি ঠেকিয়েছেন রুবেল। ৮ রানের জুটিতে মুশফিকুরকে সঙ্গ দিয়ে ইনিংস পরাজয়ও। লাঞ্চের আগে শেষ বলে মুশফিকুরের বাউন্ডারিতে নিশ্চিত হলো ভারতের আবার ব্যাটিং করতে নামা। লাঞ্চের পর তৃতীয় বলেই ইনিংস শেষ! ৮ বলের মধ্যে ৪ উইকেট জহির খানের। আগের দিনের ৩ উইকেট মিলিয়ে ৮৭ রানে ৭ উইকেট। বরোদার বাঁহাতি পেসারের ক্যারিয়ার-সেরা বোলিং।এসব ভারত মনে রাখুক। বাংলাদেশ তাহলে কী মনে রাখবে? মনে তো রাখতে চাইবে একটা সময় স্কোরবোর্ডে ৩ উইকেটে ২৯০। শেষ ৭ উইকেটের শীতের মরাপাতার মতো টুপটাপ ঝরে পড়া কি মনে রাখার মতো কিছু!মাত্র ১৪ রানে ৬ উইকেট, ২২ রানে শেষ ৭—কীভাবে সম্ভব, কীভাবে সম্ভব! উইকেটে বোলারদের জন্য কিছু নেই। ম্যাচ শেষে ধোনি-সাকিব দুজনই যেটিকে সমস্বরে ‘ব্যাটিং-স্বর্গ’ বলে রায় দিয়ে গেলেন। না হয় হলোই একটু রিভার্স সুইং। ক্রিকেটের আধুনিক যুগের ব্যাটসম্যানদের কাছে অনেক দিনই তো এটি আর ব্যাখ্যার অতীত কোনো ‘ব্ল্যাক আর্ট’ নয়। বাংলাদেশের ব্যাটিং এভাবে উড়ে যাওয়ার ব্যাখ্যা তাহলে কী?ব্যাখ্যা একটাই—দলটির নাম বাংলাদেশ। এমন হুড়মুড় করে ভেঙে পড়ার ঘটনা অন্য দলেরও আছে। তবে টেস্ট ক্রিকেটে এই অল্প দিনেই বাংলাদেশ এ ব্যাপারে যে ‘দক্ষতা’ দেখিয়েছে, তা বোধ হয় তুলনাহীনই।দেখুন না, এই ২২ রানে শেষ ৭ উইকেট হারানোও তো এ ক্ষেত্রে বাংলাদেশের সেরা ‘কৃতিত্ব’ নয়। মাত্র ৭ রানে ৭ উইকেট হারানোর ঘটনাও যে আছে! ২০০২ সালে বঙ্গবন্ধু স্টেডিয়ামে জারমেইন লসনের ১৫ বলের এক বিধ্বংসী স্পেলে ৩ উইকেটে ৮০ থেকে ৮৭ রানে শেষ হয়ে গিয়েছিল বাংলাদেশ।২০০৭ সালে কলম্বোর এসএসসিতে কী হলো! মাত্র ২৭ রানে শেষ ৭ উইকেট। ৩ উইকেটে ২২৭ থেকে ২৫৪ অলআউট। তৃতীয় দিন শেষে বাংলাদেশ ৫ উইকেট ২৩৩—ঢাকা টেস্টের মতোই প্রতিপক্ষকে একটা চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া যাবে বলে আশায় বসতি। পরদিন সকালে ৪.৪ ওভারেই উড়ে গেল ৫ উইকেট!ধসে পড়ায় ইতিহাসের পুনরাবৃত্তি। ইনিংস পরাজয়ের পুনরাবৃত্তি যে এড়ানো গেল, এটিকেই তাহলে প্রাপ্তি মানুন। সেটিও তো কানের পাশ দিয়ে গুলি গেল!টেস্ট ক্রিকেটে ১ রানের জন্যও ব্যাট করতে নামতে হওয়ার ঘটনা আছে পাঁচটি। ২ রানের জন্য মাত্র দ্বিতীয়বার নামতে হলো কোনো দলকে। সেই ২ রান এল ‘বাই’ থেকে।জয়ী দলের দুই ব্যাটসম্যান মাঠ ছাড়ছেন, দুজনের নামের পাশেই শূন্য—ক্রিকেটে কত বিচিত্র ঘটনাই না ঘটে!