সুন্দর সুন্দর বিলবোর্ড ভোট এনে দেবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জনগণ এখন আগের চেয়ে অনেক বেশি সচেতন। তাদের মন জয় করতে হলে কাজ করে যেতে হবে। সুন্দর সুন্দর বিলবোর্ড ভোট এনে দেবে না। আগে তাদের (জনগণ) সমস্যার সমাধান করতে হবে।আজ বুধবার সন্ধ্যায় ফরিদপুর শহরের ভাঙ্গা রাস্তার মোড়ে সমবেত লোকজনের উদ্দেশে বক্তব্য দিতে গিয়ে মন্ত্রী বলেন, যোগাযোগ মন্ত্রণালয়ের একার পক্ষে মহাসড়কগুলো নিরাপদ রাখা সম্ভব নয়। এ জন্য সব মহলকে আন্তরিক ও দায়িত্বশীল হতে হবে। মহাসড়কে দুর্ঘটনার প্রধান উপসর্গ নসিমন, করিমন, ভটভটিজাতীয় যানবাহন—এ কথা উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, এসব যান অবাধে মহাসড়কে দাপিয়ে বেড়ায়। অথচ আইন অনুযায়ী এগুলো মহাসড়কে নিষিদ্ধ। এ নিষিদ্ধ যানবাহন যাতে মহাসড়কে নামতে না পারে, তা নিশ্চিত করার জন্য তিনি ফরিদপুরের জেলা প্রশাসককে নির্দেশ দেন।যোগাযোগমন্ত্রী আরও বলেন, ‘পদ্মা সেতু আমাদের রাজনৈতিক অঙ্গীকার। আমরা এ সেতু করতে বদ্ধপরিকর। ফান্ড পাওয়া গেলেই পদ্মা সেতু নির্মাণের কাজ শুরু করা হবে।’ যোগাযোগমন্ত্রী আজ সন্ধ্যায় রাজবাড়ীর দৌলতদিয়া হয়ে সড়কপথে ফরিদপুর আসেন। শহরের ভাঙ্গা রাস্তার মোড় ও জেলা বাস মালিক সমিতির কার্যালয়ে কিছুক্ষণ কাটিয়ে তিনি গোপালগঞ্জের উদ্দেশে রওনা দেন। ফরিদপুরে অবস্থানকালে মন্ত্রীর সঙ্গে ছিলেন জেলা প্রশাসক হেলালুদ্দীন আহমদ ও সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী সন্তোষ কুমার রায়।