‘মাতৃভূমি মা গো তুমি আমায় করো ক্ষমা, তোমার কাছে আমার আছে অনেকটা ঋণ জমা।’ এভাবে দেশের গান ও দেশের কথামালায় গতকাল বুধবার সন্ধ্যায় রাজশাহীতে অনুষ্ঠিত হলো প্রথম আলোর যুগপূর্তির অনুষ্ঠান। অনুষ্ঠানজুড়ে ছিল সুন্দর বাংলাদেশের স্বপ্ন নিয়ে এগিয়ে যাওয়ার কথা, দেশকে মায়ের মতো ভালোবাসার অঙ্গীকারের কথা।রাজশাহী নগরের একটি কমিউনিটি সেন্টারে সন্ধ্যায় আয়োজিত এ অনুষ্ঠানে রাজনীতিবিদ, শিল্পী, সাহিত্যিক, শিক্ষক, সাংবাদিক, আইনজীবী, প্রকৌশলীসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ যোগ দেন।প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান বলেন, ‘আমরা বাংলাদেশকে মায়ের মতো ভালোবাসি। নিজেদের একটু একটু করে বদলে আমরা বাংলাদেশকে আলোকিত, গৌরবোজ্জ্বল বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে কাজ করি। আমরা আমাদের মুক্তিসংগ্রামকে নিয়ে গর্ব করি। কিন্তু অনেক সময় গর্ব করার পরিবর্তে হতাশার কথা বলি।’ তিনি বলেন, ‘আর কদিন পরই স্বাধীনতার ৪০ বছর পূর্ণ হবে। আমাদের যেমন অর্জন রয়েছে, তেমনি ব্যর্থতাও রয়েছে। দেশকে এগিয়ে নিতে আমাদের সবাইকে কাজ করতে হবে।’ তিনি প্রশ্ন তুলে বলেন, ‘আমরা কি সেই বাংলাদেশেই থাকব, যেখানে ছাত্ররা বই ফেলে অস্ত্র হাতে তুলে নিয়ে নৈরাজ্য সৃষ্টি করে, যেখানে ছেলেরা ইভ টিজিং করে।’প্রথম আলোর সম্পাদক বলেন, ‘আমাদের অনেক বাধা আসছে, অনেক প্রতিকূলতা আছে, তার পরও সৎ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা এবং সততার জায়গা থেকে সরে আসতে চাই না।’ তিনি বাংলাদেশের নোবেল বিজয়, আমাদের সুন্দরবন, পৃথিবীর সুদীর্ঘ সমুদ্রসৈকতের উদাহরণ তুলে ধরে বাংলাদেশের উজ্জ্বল সম্ভাবনার কথা বলেন। তিনি বলেন, ‘আমরা একটি সুন্দর বাংলাদেশের স্বপ্ন নিয়ে এগিয়ে যেতে চাই।’ অনুষ্ঠানে আসা বইপ্রেমিক পলান সরকার, বৃক্ষপ্রেমিক কার্তিক প্রামাণিকের উদাহরণ দিয়ে তিনি বলেন, ‘এঁরাই আমাদের সমাজ পরিবর্তনের আজকের নায়ক।’ তিনি মুক্তিযোদ্ধা আজাদের মায়ের গল্প বললে সবার মধ্যে আবেগঘন অনুভূতির সৃষ্টি হয়।হিন্দোল সাংস্কৃতিক গোষ্ঠীর শিল্পীদের পরিবেশনায় জাতীয় সংগীতের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন রাজশাহীর মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন, সাবেক মেয়র মিজানুর রহমান মিনু, বিভাগীয় কমিশনার আবদুল মান্নান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আবদুস সোবহান, সহ-উপাচার্য মো. নূরুল্লাহ, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের পরিচালনা পর্ষদের সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য শাহ নওয়াজ আলী, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সিরাজুল করিম, জেলা প্রশাসক মোহাম্মদ দিলোয়ার বখত, রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ আবদুল হান্নান প্রমুখ।স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর রাজশাহীর নিজস্ব প্রতিবেদক আবুল কালাম মুহম্মদ আজাদ। শেষে মাহমুদুজ্জামান বাবু সংগীত পরিবেশন করেন।