সুন্দরগঞ্জে অধ্যক্ষের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটি মাদ্রাসার সংরক্ষিত ও সাধারণ তহবিলে এক লাখ টাকা জামানত থাকার কথা। কিন্তু গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার সীচা শুভজান জুলেখা মহিলা সিনিয়র মাদ্রাসার তহবিলে বর্তমানে কোনো টাকা জমা নেই। তহবিলের টাকা তুলে আত্মসাত্ করেছেন অধ্যক্ষ। এ ছাড়া মাদ্রাসার ১২০ হাত ঘর, ৮০টি কংক্রিটের খুঁটি ও আসবাবপত্র গোপনে বিক্রি করে প্রায় ৫০ হাজার টাকাও আত্মসাত্ করেন তিনি। মাদ্রাসার একমাত্র বৈদ্যুতিক পাখা ও যাবতীয় কাগজপত্র তাঁর বাড়িতে নিয়ে গেছেন। অধ্যক্ষের বিরুদ্ধে এসব অনিয়ম-দুর্নীতি ও আত্মসাতের অভিযোগ এনে সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। ৭ মার্চ পরিচালনা কমিটির আটজন সদস্য এই অভিযোগ দায়ের করেন।অভিযোগে জানা যায়, মাদ্রাসার অধ্যক্ষ আশরাফুল আলম দীর্ঘদিন ধরে অনিয়ম-দুর্নীতির মাধ্যমে মাদ্রাসা চালাচ্ছেন। তিনি পরিচালনা কমিটির সিদ্ধান্ত ছাড়াই মাদ্রাসার ওই সব মালামাল ও মাদ্রাসা তহবিলের টাকা আত্মসাত্ করেন। ফলে মাদ্রাসাটি এখন তহবিলশূন্য। শুধু তাই নয়, অধ্যক্ষ আশরাফুল মাদ্রাসার অধ্যয়নরত ছাত্রীদের পড়াশোনা তদারক করেন না। এতে মাদ্রাসায় লেখাপড়া ব্যাহত হচ্ছে। এদিকে অভিযোগ পাওয়ার পর মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি ও সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ১১ মার্চ মাদ্রাসা কমিটির জরুরি সভা ডাকেন। সভায় অধ্যক্ষ কোনো সঠিক কাগজপত্র দেখাতে পারেননি। এ ছাড়া আলোচনায় তাঁর বিরুদ্ধে আনীত অভিযোগের সত্যতা পাওয়া যায়। অপরদিকে পরিচালনা কমিটির মেয়াদ এক বছর থাকলেও তিনি গত ৭ জানুয়ারি সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাদ হোসেনের স্বাক্ষর জাল করে খসড়া ভোটার তালিকা তৈরি করেন। বর্তমান ইউএনও শামছুল আলম সেই তালিকা তাঁর হেফাজতে নিয়েছেন।মাদ্রাসা পরিচালনা কমিটির সহসভাপতি ছাবেদ আলী বলেন, অধ্যক্ষ আশরাফুল এসব অনিয়ম ধামাচাপা দিতে পরিচালনা কমিটির সদস্য বদিউজ্জামান ও সহকারী শিক্ষক ওয়াজেদ আলীর নামে ৭ মার্চ সুন্দরগঞ্জ থানার অন্তর্গত ধুবনী পুলিশ তদন্তকেন্দ্রে সাধারণ ডায়েরি (নম্বর ১৫২) করেন। এমনকি ৯ মার্চ পরিকল্পিতভাবে আতিকুর রহমান মণ্ডল নামে এক ব্যক্তিকে অ্যাডহক কমিটির সভাপতির মনোনয়ন নিয়ে আসেন। এ নিয়ে এলাকায় উত্তেজনা দেখা দিয়েছে। তিনি বলেন, অধ্যক্ষের দুর্নীতির কারণে মাদ্রাসাটি এখন ধ্বংসের দ্বারপ্রান্তে।এ প্রসঙ্গে অধ্যক্ষ আশরাফুল আলম বলেন, অনিয়ম-দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ সত্য নয়। নিয়মানুযায়ী কমিটি গঠন ও মাদ্রাসা পরিচালনা করা হয়েছে। ইউএনও শামছুল আলম অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে বলেন, প্রাথমিক তদন্তে অধ্যক্ষের বিরুদ্ধে অনেক অনিয়ম-দুর্নীতির সত্যতা পাওয়া গেছে। তদন্ত অব্যাহত রয়েছে। অবিযোগ প্রমাণিত হলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।