সুন্দরগঞ্জে সহিংসতা তদন্তে দুটি কমিটি, গ্রেপ্তার ৪
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় জামায়াত-শিবিরের সহিংসতার ঘটনা তদন্তে দুটি কমিটি গঠন করা হয়েছে। এ ছাড়া সহিংসতার ঘটনায় আজ শনিবার চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কামাল উদ্দিন বিশ্বাসকে আহ্বায়ক এবং সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহসান হাবীব ও জেলা ত্রাণ কর্মকর্তা শাহ আলমকে সদস্য করে আজ শনিবার একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিকে তিন দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।গতকাল শুক্রবার জেলা পুলিশের পক্ষ থেকে অতিরিক্ত পুলিশ সুপার মোশারফ হোসেনকে আহ্বায়ক করে এক সদস্যের অপর একটি তদন্ত কমিটি গঠন করা হয়। সহিংসতার ঘটনা সম্পর্কে গাইবান্ধার পুলিশ সুপার এ কে এম নাহিদুল ইসলাম প্রথম আলো ডটকমকে বলেন, ‘গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের জামায়াতের সাবেক সাংসদ আবদুল আজিজের ইন্ধনে জামায়াত-শিবির পরিকল্পিতভাবে পুলিশ হত্যাসহ এই সহিংসতা চালিয়েছে। ওই জামায়াত নেতা পুলিশের নজরদারিতে ছিলেন। কিন্তু ঘটনার পর থেকে তিনি গা ঢাকা দিয়েছেন। এসব ঘটনায় দায়ের করা দুটি মামলায় সাবেক ওই সাংসদকে আসামি করা হয়েছে।’ গত বৃহস্পতিবার পুলিশ হত্যা, থানায় হামলা-ভাঙচুর, অগ্নিসংযোগসহ সংঘর্ষের ঘটনায় সুন্দরগঞ্জ থানায় দায়ের করা পৃথক দুটি মামলায় আজ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা হলেন জিয়াউর রহমান, আনোয়ারুল ইসলাম, আবদুর রউফ ও লেবু মণ্ডল। তাঁরা সবাই শিবিরের কর্মী বলে দাবি করেছে পুলিশ। আজও সুন্দরগঞ্জে ১৪৪ ধারা বহাল আছে। সেখানে আর কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তবে উপজেলাজুড়ে একধরনের আতঙ্ক বিরাজ করছে। গত বৃহস্পতিবার মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতের নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর জামায়াত-শিবিরের কর্মীরা উপজেলার বামনডাঙ্গা রেলস্টেশনে আগুন ধরিয়ে দেন। তাঁরা সান্তাহার-লালমনিরহাট রেলরুটের রেললাইন তুলে ফেলেন। এ ছাড়া সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রে হামলা চালান। এ সময় তাঁরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ এবং একপর্যায়ে তদন্ত কার্যালয় ঘেরাও করে পুলিশকে বেধড়ক পেটায়। এতে ঘটনাস্থলেই তিন কনস্টেবল মারা যান। আহত হন আরও তিন কনস্টেবল। তাঁদের মধ্যে একজন গতকাল শুক্রবার মারা যান।