সুন্দরবন থেকে অপহূত ১৪ জেলে উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পূর্ব সুন্দরবনের দুবলা জেলেপল্লির নারকেলবাড়িয়া চর এলাকা থেকে আজ বৃহস্পতিবার সকালে ১৪ জন জেলেকে উদ্ধার করেছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-৮) সদস্যরা। এ সময় পরিত্যক্ত অবস্থায় চারটি একনলা বিদেশি বন্দুক ও একটি এলজি উদ্ধার করা হয়েছে।র্যাব জানায়, মুক্তিপণের দাবিতে জলদস্যু মোর্ত্তজা ও সাগর বাহিনী ১০ ও ১১ আগস্ট বঙ্গোপসাগরের ফেয়ারওয়ে বয়া ও নারকেলবাড়িয়া এলাকা থেকে ওই জেলেদের অপহরণ করেছিল। র্যাব তাত্ক্ষণিকভাবে উদ্ধার হওয়া ব্যক্তিদের নাম-পরিচয় জানাতে পারেনি।র্যাব-৮-এর উপ-অধিনায়ক মেজর সাব্বির রহমান ওসমানী প্রথম আলো ডটকমকে বলেন, জলদস্যু মোর্ত্তজা ও সাগর বাহিনীর লোকজন মুক্তিপণের দাবিতে জেলেদের অপহরণ করে। জলদস্যুদের হাতে যে ৬৩ জন জেলে আটক রয়েছেন, এর মধ্যে ১৪ জনকে উদ্ধার করা হয়। উদ্ধার করা আগ্নেয়াস্ত্র জলদস্যু মোর্ত্তজা ও সাগর বাহিনীর। নারকেলবাড়িয়া চরের বিভিন্ন স্থান থেকে এগুলো উদ্ধার করা হয়।মংলা কোস্টগার্ড পশ্চিম জোনের লে. কমান্ডার শফিকুল আলম জানান, জলদস্যু দমন ও অপহূত জেলে উদ্ধারে কোস্টগার্ড ও নৌবাহিনী যৌথ অভিযান চালাচ্ছে। এ অভিযানে যোগ দিতে বিমানবাহিনীর একটি হেলিকপ্টার আজ সকালে মংলা নৌ-ঘাঁটিতে এসে পৌঁছেছে। সুবিধাজনক যেকোনো সময়ে হেলিকপ্টারটি অভিযানে অংশ নেবে বলে তিনি জানান।