সুন্দরবন থেকে বারবার লোকালয়ে আসছে বাঘ
বারবার সুন্দরবন থেকে বাঘ লোকালয়ে আসছে। বাঘের ভয়ে স্থানীয় মানুষ আতঙ্কিত হয়ে পড়েছে। সন্ধ্যার পর পরই মানুষ ঘরে ফিরে আসছে। এমনকি ঈদের দিনও মানুষ স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারেনি। এলাকায় রাত জেগে পাহারা বসানো হয়েছে। শ্যামনগর উপজেলার হরিনগর গ্রামের সিরাজুল ইসলাম জানান, ঈদের আগের দিন ১০ সেপ্টেম্বর সন্ধ্যার দিকে একটি বাঘকে মীরগাং গ্রামের বিপরীতে সুন্দরবন পাড়ে ঘুরে বেড়াতে দেখা গেছে। হরিনগর এলাকার মীরগাং ও চুনকুড়ি নদীর অনেক স্থানে চর পড়ে নদীর প্রস্থ কমে খালের আকার ধারণ করেছে। ওই স্থান দিয়ে বাঘ সহজে শিকার ধরার লক্ষ্যে লোকালয়ে চলে আসছে।শ্যামনগর উপজেলার হরিনগর গ্রামের আশরাফুল ইসলাম, ইউনুস আলী গাজী ও যতীন্দ্রনগর গ্রামের দীপালি মণ্ডল জানান, ৩ সেপ্টেম্বর রাত ১০টার দিকে একটি বড় বাঘ সুন্দরবনসংলগ্ন মীরগাং গ্রামের তারক মণ্ডলের বাড়িতে অবস্থান নেয়। এ খবর শুনে কয়েক হাজার মানুষ লাঠি নিয়ে বাঘটিকে ঘেরাও করে ফেলে। রাত একটার দিকে বন বিভাগের পক্ষ থেকে পটকা বাজি ও একের পর এক ফাঁকা গুলি ছুড়ে শব্দ করা হয়। একপর্যায়ে ভোর পাঁচটার দিকে বাঘটি পশ্চিম মীরগাং এলাকার নরেন্দ্রনাথ মণ্ডলের বাড়ির পাশ দিয়ে নদী পার হয়ে সুন্দরবনে চলে যায়। সাত ঘণ্টা লোকালয়ে অবস্থানকালে বাঘটি তিনটি ছাগল ও একটি কুকুর হত্যা করে।সুন্দরবনসংলগ্ন শ্যামনগর উপজেলার হরিনগর গ্রামের আয়ুব হোসেন ও আবদুর রহমান মোড়ল জানান, গত ৩১ আগস্ট রাত আটটার দিকে সুন্দরবনের নদী পার হয়ে শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের কালিঞ্চি গেটপাড়া দিয়ে একটি বাঘ লোকালয়ে ঢুকে পড়ে। সেখান থেকে প্রায় তিন কিলোমিটার এলাকাজুড়ে বাঘটি চলাফেরা করে। একপর্যায়ে স্থানীয় মানুষ বাজি ফুটিয়ে শব্দ করলে ঘণ্টাখানেক পর বাঘটি আবার সুন্দরবনে ফিরে যায়। এর আগে ৩০ আগস্ট রাত ১০টার দিকে একটি বাঘ সুন্দরবনের নদী পার হয়ে মীরগাং গ্রামে চলে আসে। বাঘটি একপর্যায়ে পরিতোষ মণ্ডলের বাড়িতে আশ্রয় নেয়। বাঘের উপস্থিতি টের পেয়ে মীরগাং টহল ফাঁড়ির কর্মকর্তা ও এলাকাবাসী নানাভাবে শব্দ ও বাজি ফুটালে বাঘটি আবার বনে ফিরে যায়।শ্যামনগর উপজেলার কালিঞ্চি গ্রামের আলী ও ফারুক হোসেন ও কিরণ চন্দ্র মণ্ডল জানান, বাঘের ভয়ে সন্ধ্যার পর ঘরের দরজা বন্ধ করে বসে থাকতে হচ্ছে। প্রয়োজন থাকলেও কেউ বাইরে যেতে সাহস পাচ্ছে না।সুন্দরবনসংলগ্ন গ্রামবাসী ও বন বিভাগ সূত্রে জানা যায়, সুন্দরবন থেকে লোকালয়ে এসে গ্রামবাসীর হাতে প্রতিবছর বাঘ মারা পড়ছে। সাতক্ষীরা এলাকায় গত ১০ বছরে নদী পার হয়ে সুন্দরবন থেকে বহু দফায় বাঘ লোকালয়ে এসেছে। এ সময় গ্রামবাসীর হাতে মারা পড়ছে আটটি বাঘ। পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা সহকারী বন সংরক্ষক তৌফিকুল আলম বলেন, ‘দীর্ঘ সময় লোকালয়ে থাকার পর একটি বাঘকে নিরাপদে সুন্দরবনে ৪ সেপ্টেম্বর ভোরে ফেরত পাঠানো হলো। এ কাজে স্থানীয় মানুষ সহযোগিতা করেছে। বাঘ যাতে লোকালয়ে না ঢুকতে পারে এ জন্য বন বিভাগ ও স্থানীয় মানুষ নিয়ে টহলব্যবস্থা জোরদার করা হয়েছে। সুন্দরবনসংলগ্ন গ্রামের মানুষকে সচেতন করার জন্য ইতিমধ্যে সভা করা হয়েছে গ্রামে গ্রামে।’