সুন্দরবন নিয়ে নির্মিত হচ্ছে পেনড্রাইভ
সুন্দরবনকে বাঁচাতে হবে। তাহলে বাঘ বাঁচবে। আর থাকবে আমাদের অরণ্য। বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় এই সুন্দরবন নিয়েই এবার নির্মাণ করা হচ্ছে চলচ্চিত্র পেনড্রাইভ। ছবিটি নির্মাণ করবেন কলকাতার মুকুল রায় চৌধুরী। বাংলাদেশের পক্ষে ছবিটি প্রযোজনা করছে ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড। ইমপ্রেস টেলিফিল্মের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর জানিয়েছেন, ‘মূলত সুন্দরবনের ওপরই গল্পটি নেওয়া হয়েছে। দুই বাংলা মিলে একটি ভালো ছবি নির্মাণের চেষ্টা করব আমরা।’জানা গেছে, পেনড্রাইভ ছবিটির বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন শখ, চঞ্চল চৌধুরী, সোহেল খান, ডা. এজাজ, রহমত আলীসহ অনেকেই।ছবির গল্প সম্পর্কে জানা গেছে, ওপার বাংলা থেকে একদল ছেলেমেয়ে আসে এপার বাংলার সুন্দরবন দেখতে। সুন্দরবন নিয়ে তারা নানা রকম গবেষণা শুরু করে। এর পরই শুরু হয় আরেক গল্প।চ্যানেল আইয়ের বিপণন পরিচালক ইবনে হাসান খান বললেন, ‘মূলত কিছুদিন আগে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং যখন বাংলাদেশ সফর করেন, তখন দুই বাংলার প্রধানমন্ত্রী সুন্দরবন উন্নয়নের জন্য চুক্তি করেছেন। আমরা ইমপ্রেস টেলিফিল্ম এরই নিদর্শন হিসেবে সুন্দরবনের ঐতিহ্যকে বিশ্ববাসীর কাছে তুলে ধরতে ছবিটি বানানোর উদ্যোগ নিয়েছি। শিল্পীদের সঙ্গে প্রাথমিক কথা হয়েছে এবং যাঁদের সঙ্গে কথা হয়নি, তাঁদের সঙ্গেও এরই মধ্যে আলোচনা চূড়ান্ত করা হবে। এ ছাড়া দুই দেশের সরকারের কাছে আমরা এরই মধ্যে অনুমোদন চাইব এবং আশা করছি, আগামী বছরের শুরুতেই ছবিটির কাজ শুরু করতে পারব।’