সুন্দরবন নিয়ে বই প্রকাশ ও চিত্র প্রদর্শনীর উদ্বোধন
রয়েল বেঙ্গল টাইগারের অন্যতম প্রধান আবাসস্থল সুন্দরবন প্রাণবৈচিত্র্যে অনন্য। সুন্দরবনের জীববৈচিত্র্য, পেশাজীবী মানুষ ও সেখানকার প্রাকৃতিক সৌন্দর্য ক্যামেরার ফ্রেমে ও লেখায় উঠে এসেছে দ্য বাংলাদেশ সুন্দরবনস শীর্ষক বইটিতে। বিদেশিদের কাছে এবং দেশের জীববৈচিত্র্যের হারানোপ্রায় অনেক বিষয় মানুষের কাছে তুলে ধরতে এ বইটি লিখেছেন এনায়েতুল্লাহ খান।গতকাল রাজধানীর মৌচাকের গ্যালারি কসমসে বইটির প্রকাশনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সুন্দরবনের বাঘ নিয়ে আঁকা ‘টাইগার’ শিরোনামের একটি বিশেষ প্রদর্শনীরও আয়োজন ছিল।বইটির মোড়ক উন্মোচন করেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা গওহর রিজভী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত আমেরিকার রাষ্ট্রদূত ডান মোজেনা ও ডেনমার্কের রাষ্ট্রদূত সেভেন্ড অলিং।‘ওয়াইল্ড লাইফ ট্রাস্ট অব বাংলাদেশ’-এর প্রকাশনায় বইটিতে উঠে এসেছে সুন্দরবনের বৈচিত্র্যময় ফুল, পাখি, গাছ আর বাঘের আলোকচিত্র। সঙ্গে বর্ণনা। বইটিতে পাওয়া যায় সেখানকার মধু ও গোলপাতা সংগ্রহকারীদের জীবন ও কাজের বর্ণনা এবং আলোকচিত্রও।বইটির প্রকাশ উপলক্ষে কসমস গ্যালারিতে গত বৃহস্পতিবার আয়োজন করা হয় এক দিনের একটি আর্ট ওয়ার্কশপ। এর মাধ্যমে ২৮ জন শিল্পীর অংশগ্রহণে বেরিয়ে আসে প্রায় ৬০টির মতো শিল্পকর্ম। যার মধ্যে অর্ধেক চিত্রকর্ম এবং অর্ধেক ছাপচিত্র। গ্যালারির সপ্তাহব্যাপী প্রদর্শনীতে স্থান পেয়েছে সেসব শিল্পকর্মই। সবগুলো ক্যানভাসেই উঠে এসেছে সুন্দরবনের বাঘ। বাঘের শিকার, তাদের চলাচল, গাম্ভীর্যকেও শিল্পীরা সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন ক্যানভাসে।