সুন্দরবন ভ্রমণে এসে ট্রলার ডুবে ২ শিশু নিখোঁজ
সুন্দরবন ভ্রমণে এসে মংলার পশুর নদীতে ট্রলার ডুবে দুই শিশু নিখোঁজ হয়েছে। আজ শনিবার সকাল ১০টায় পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের করমজল বন্য প্রাণী প্রজননকেন্দ্রের খালের কাছে পশুর নদীতে এ ঘটনা ঘটে। নিখোঁজ শিশুরা হচ্ছে, ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার বাকুলিয়া এলাকার ইয়াকুব আলী বিশ্বাসের মেয়ে তানিয়া আক্তার (১৪) এবং একই এলাকার গোলাম আজমের ছেলে আবু হুরাইরা (১১)।পর্যটক দলটি ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলা থেকে আজ সকালে সুন্দরবন দেখতে মংলায় আসে। ট্রলারে থাকা ১৭ পর্যটককে উদ্ধার করে করমজলকেন্দ্রে রাখা হয়েছে। নিখোঁজ শিশুদের উদ্ধার করতে বন বিভাগ, কোস্টগার্ড ও নৌবাহিনীর ডুবুরিরা পশুর নদীতে তল্লাশি শুরু করেছে।করমজল বন্য প্রাণী প্রজননকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুর রব প্রথম আলোকে জানান, সকালে ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলা থেকে ১৯ জনের একটি দল ওই প্রজনন কেন্দ্রে ভ্রমণ করতে আসে। করমজল পরিদর্শন শেষে তারা তাদের ভাড়া করা ট্রলার এমভি মায়ের দোয়ায় চড়ে মংলার উদ্দেশে রওনা হয়। পশুর নদীতে পৌঁছে ওই দলের তিন-চারজন একজনকে ভয় দেখানোর উদ্দেশে ট্রলারটি দুলাতে থাকলে আকস্মিকভাবে ট্রলারটি ডুবে যায়। ট্রলারডুবির সংবাদ শুনে বন বিভাগের একটি দল ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি চালিয়ে ১৭ জন পর্যটক ও ট্রলারটি উদ্ধার করতে পারলেও তানিয়া আক্তার ও আবু হুরাইরাকে উদ্ধার করতে পারেনি।