প্রাকৃতিক সপ্তাশ্চর্য নির্বাচনের চূড়ান্ত পর্বে বাংলাদেশ ও ভারতের সুন্দরবনকে এখন মুঠোফোনের খুদেবার্তা (এসএমএস) দিয়ে ভোট দেওয়া যাচ্ছে। গত বুধবার রাত থেকেই গ্রামীণফোন, টেলিটক ও রবির সংযোগ থেকে এসএমএসে সুন্দরবনের পক্ষে ভোট পাঠানো যাচ্ছে। ফলে ইন্টারনেট, সরাসরি টেলিফোন ও এসএমএস—এই তিন মাধ্যমে প্রাকৃতিক সপ্তাশ্চর্য নির্বাচনে সুন্দরবনকে ভোট দেওয়া যাচ্ছে। গতকাল বৃহস্পতিবার বেলা একটায় এক সংবাদ সম্মেলনের মাধ্যমে পরিবেশ ও বন প্রতিমন্ত্রী হাছান মাহমুদ এ ভোট দেওয়ার প্রক্রিয়া শুরুর ঘোষণা দেন। তিনি নিজে খুদেবার্তা পাঠিয়ে এই পদ্ধতিতে ভোটদানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।হাছান মাহমুদ প্রথম আলোকে বলেন, ‘ইন্টারনেট ও ফোনকলের সঙ্গে সুন্দরবনকে ভোট দিতে এখন যুক্ত হলো এসএমএস। আমরা দেশবাসীকে অনুরোধ করব, বেশি করে এসএমএসে সুন্দরবনকে ভোট দিতে। শিগগিরই বাকি মুঠোফোন সংযোগদাতাদের গ্রাহকেরাও এসএমএসে ভোট দিতে পারবেন।’বাংলাদেশ থেকে এসএমএসে সুন্দরবনকে ভোট দেওয়ার সুবিধা চালু হলেও ভারত থেকে এ সুবিধা এখনো চালু হয়নি বলে জানান পরিবেশ ও বন প্রতিমন্ত্রী। সুন্দরবনের পক্ষে আন্তর্জাতিক (বিদেশ থেকে দেওয়া ভোট) ভোট সম্পর্কে তিনি বলেন, ‘বিদেশে আমাদের দূতাবাসগুলোর মাধ্যমে ভোট সংগ্রহ ও প্রচারণা চালানো হচ্ছে। বিদেশ থেকেও ভালো পরিমাণ ভোট পড়ছে সুন্দরবনের পক্ষে।’ প্রাকৃতিক সপ্তাশ্চর্য নির্বাচনে সুন্দরবনের জন্য বাংলাদেশ অংশের অফিশিয়াল সাপোর্টিং কমিটি (ওএসসি) হিসেবে কাজ করছে বাংলাদেশ পর্যটন করপোরেশন (বিপিসি)। বিপিসির চেয়ারম্যান হেমায়েত উদ্দীন তালুকদার জানান, কিছুদিন আগে নিউ সেভেন ওয়ান্ডার্স ফাউন্ডেশনের প্রতিনিধিরা ঢাকায় এসে মুঠোফোন সংযোগদাতা প্রতিষ্ঠানসহ সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে এসএমএস ভোটের ব্যাপারে চুক্তি করে গেছেন। নানা আয়োজনে দেশের অভ্যন্তরে সুন্দরবনের জন্য ভোট সংগ্রহ করা হচ্ছে। তবে বিদেশ থেকেও যাতে বেশি বেশি ভোট পড়ে, সে বিষয়ে নজর দিতে হবে। এসএমএস ভোট দিতে স্থানীয় এসএমএস খরচই প্রযোজ্য হবে। সুন্দরবনকে ভোট দিতে প্রতিটি এসএমএসে খরচ হবে দুই টাকা, সঙ্গে ৩০ পয়সা ভ্যাট; মোট দুই টাকা ৩০ পয়সা। এখন গ্রামীণফোন, টেলিটক ও রবির সংযোগ থেকে ভোট দেওয়া যাবে। মুঠোফোনের মেসেজ অপশনে গিয়ে SB লিখে ১৬৩৩৩ নম্বরে এসএমএস পাঠাতে হবে। এসএমএস ভোট গৃহীত হওয়ার পর ১৬৩৩৩ নম্বর থেকে ফিরতি এসএমএসে নিশ্চিতকরণ বার্তা আসবে। এ বার্তায় লেখা থাকবে, ‘থ্যাঙ্ক ইউ ফর ভোটিং ফর সুন্দরবনস টু বিকাম ওয়ান অব দ্য নিউ সেভেন ওয়ান্ডার্স অব নেচার। নিউ সেভেন ওয়ান্ডার্স ডট কম।’ ২০০৭ সালের ৭ জুলাই থেকে সুইজারল্যান্ড-ভিত্তিক নিউ সেভেন ওয়ান্ডার্স ফাউন্ডেশনের উদ্যোগে শুরু হয়েছে প্রাকৃতিক সপ্তাশ্চর্য নির্বাচনের এই প্রক্রিয়া। প্রথম ও দ্বিতীয় পর্ব পেরিয়ে ২০০৯ সালের ২১ জুলাই চূড়ান্ত পর্বে উত্তীর্ণ বিশ্বের ২৮টি প্রাকৃতিক বিস্ময়ের নাম প্রকাশ করা হয়। চূড়ান্ত পর্বে ফাইনালিস্ট হিসেবে নির্বাচিত হয় বাংলাদেশ ও ভারতে অবস্থিত বিশ্বের সবচেয়ে বড় শ্বাসমূল উদ্ভিদের (ম্যানগ্রোভ) বনাঞ্চল সুন্দরবন। নিউ সেভেন ওয়ান্ডার্স ফাউন্ডেশনের আনুষ্ঠানিক ওয়েবসাইটে (www.new7wonders.com বা www.n7w.com) গিয়ে Vote বোতাম থেকে সুন্দরবনকে ভোট দেওয়া যাবে। ওয়েবসাইটে চূড়ান্ত পর্বের তালিকা থেকে সাতটি স্থানকে ভোট দিতে হবে। একটি ই-মেইল ঠিকানা থেকে একটি ভোট দেওয়া যাবে। ওয়েবসাইটে ভোট দেওয়ার পর ভোটদাতার ই-মেইল ঠিকানায় একটি ই-মেইল আসবে। সেই মেইলে একটি ওয়েব ঠিকানা (লিঙ্ক) থাকবে। ওই লিঙ্কে ক্লিক করার পরই ভোটদান প্রক্রিয়া শেষ হবে। প্রাকৃতিক সপ্তাশ্চর্য নির্বাচনে টেলিফোনের মাধ্যমে ভোট দেওয়া যাবে চারটি নম্বরের যেকোনো একটিতে কল করে। নম্বরগুলো হলো +২৩ ৯২২০১০৫৫, +১ ৮৬৯ ৭৬০ ৫৯৯০, +১ ৬৪৯ ৩৩৯ ৮০৮০ এবং +৪৪ ৭৫৮ ৯০০ ১২৯০। এগুলোর যেকোনো একটি ডায়াল করলে একটি বার্তা শোনা যাবে। বার্তা শোনার পর সুন্দরবনের জন্য ৭৭২৪ চাপতে হবে। টেলিফোনের খরচের ক্ষেত্রে প্রচলিত আন্তর্জাতিক কলরেট প্রযোজ্য হবে। নিউ সেভেন ওয়ান্ডার্স ফাউন্ডেশন সূত্রে জানা গেছে, ভোট প্রক্রিয়া শেষ হওয়ার পর চলতি বছরের ১১ নভেম্বর ভোটের ভিত্তিতে বিশ্বের প্রাকৃতিক সপ্তাশ্চর্য হিসেবে বিজয়ী সাতটি স্থানের নাম ঘোষণা করা হবে। ফলাফল ঘোষণা অনুষ্ঠানের আগে প্রাপ্ত ভোটের ভিত্তিতে কোনো স্থানের অবস্থান প্রকাশ করা হবে না। বর্তমানে প্রতি সপ্তাহে বিভিন্ন ধরনের ভোটের ধারা অনুযায়ী ২৮ ফাইনালিস্টের তালিকা প্রকাশ করা হচ্ছে। এই তালিকা প্রাপ্ত ভোটের ভিত্তিতে কোনো স্থানের অবস্থান বোঝায় না। চলতি সপ্তাহে ‘ফাস্টেস্ট গ্রোয়িং’ তালিকায় সুন্দরবন সবার ওপরে রয়েছে।