সুন্দরবনকে ভোট দিতে স্পিকারের আহ্বান
সুন্দরবনকে প্রাকৃতিক সপ্তাশ্চর্য নির্বাচনে সবাইকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার আবদুল হামিদ।আজ মঙ্গলবার জাতীয় সংসদের অধিবেশনে আবদুল হামিদ এই আহ্বান জানান।সাংসদ ও তাঁদের পরিবারের সদস্যদের সুন্দরবনের পক্ষে ভোট দেওয়ার অনুরোধ জানিয়ে স্পিকার বলেন, ‘আপনারা এবং আপনাদের পরিবারের সদস্যরা সুন্দরবনের পক্ষে ভোট দেবেন। একই সঙ্গে আমি দেশবাসীকেও সুন্দরবনের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছি।’সাংসদদের তাঁদের নিজ নিজ এলাকার জনগণকে সুন্দরবনের পক্ষে ভোট দেওয়ার জন্য উদ্বুদ্ধ করার আহ্বানও জানান স্পিকার।স্পিকার আবদুল হামিদ বলেন, সুন্দরবন জাতীয় ঐতিহ্যের একটি উল্লেখযোগ্য নিদর্শন। বিশ্বব্যাপী এখন সুন্দরবনের নাম বহুল আলোচিত। প্রাকৃতিক সপ্তাশ্চর্য নির্বাচনে সুন্দরবনকে ১ নম্বরে রাখতে এরই মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যক্তিগত মোবাইল ফোনের মাধ্যমে খুদেবার্তার মাধ্যমে ভোট দিয়েছেন।স্পিকার আরও বলেন, ‘আমি আশা করি, প্রাকৃতিক সপ্তাশ্চর্য নির্বাচনে সুন্দরবনের অবস্থান ১ নম্বরে স্থায়ী হবে। সুন্দরবন বহির্বিশ্বে আমাদের জাতীয় ঐতিহ্যকে আরও সমৃদ্ধশালী করবে।’এর আগে স্পিকার ১ জুলাই চট্টগ্রামে পাহাড় ধসের ঘটনায় ১৭ জনের প্রাণহানিতে সমবেদনা প্রকাশ করেন। তিনি নিহতদের রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা প্রকাশ জানান।