সুন্দরবনে অস্ত্রসহ বনদস্যু গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুন্দরবনে বন বিভাগের সদস্যদের সঙ্গে বনদস্যুদের গুলিবিনিময়ের ঘটনায় চারটি আগ্নেয়াস্ত্র, গুলিসহ একজন বনদস্যুকে গ্রেপ্তার করেছে বন বিভাগের সদস্যরা। গতকাল রোববার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।গ্রেপ্তারকৃত বনদস্যুর নাম আজগর আলী (৩০)। তিনি খুলনার কয়রা উপজেলার বাগবা গ্রামের বাসিন্দা।পশ্চিম সুন্দরবনের খুলনা রেঞ্জের নলিয়ানা স্টেশনের হড্ডা টহল ফাঁড়ির ডেপুটি রেঞ্জার সোলায়মান হাওলাদার জানান, কিছু দিন ধরে বিশেষ করে ঈদকে সামনে রেখে একটি বনদস্যু দল সুন্দরবনের হড্ডা এলাকায় জেলেদের কাছ থেকে চাঁদা আদায় করে আসছিল। বিষয়টি জানার পর তাঁরা কয়েক দিন ধরে বনদস্যুদের ধরার জন্য চেষ্টা চালিয়ে আসছিলেন। গতকাল রাত সাড়ে আটটার দিকে বনদস্যু দলটি হড্ডা এলাকার বোতলখালী খালে অবস্থান নিয়ে জেলেদের কাছ থেকে চাঁদা আদায় করছে, এমন খবরের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়।বন বিভাগের দলটি ঘটনাস্থলে পৌঁছানোর সঙ্গে সঙ্গে বনদস্যুরা তাদের লক্ষ্য করে গুলি চালায়। তারাও পাল্টা গুলি চালায়। এভাবে প্রায় ২০ মিনিট গুলিবিনিময়ের পর কয়েকজন বনদস্যু তাদের ব্যবহূত ডিঙি ফেলে সুন্দরবনের ভেতরে পালিয়ে যায়। এ সময় দুটি বন্দুক, একটি পাইপগান, একটি এয়ারগান ও চারটি গুলিসহ একজন বনদস্যুকে আটক করা হয়।কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, এ ব্যাপারে বন বিভাগের হড্ডা টহল ফাঁড়ির ডেপুটি রেঞ্জার সোলায়মান বাদী হয়ে আজ সোমবার একটি মামলা করেছেন।