সুন্দরবনে আগুন, চলছে নেভানোর চেষ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জের গুলিশাখালী ক্যাম্পসংলগ্ন বনে আগুন লেগেছে। গতকাল শনিবার দুপুরের পর ওই এলাকায় আকাশে ধোঁয়া উঠতে দেখে বনকর্মীরা আগুন লাগার বিষয়টি জানতে পারেন। আজ বিকেল পাঁচটায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত প্রায় পাঁচ একর জায়গাজুড়ে ছড়িয়ে-ছিটিয়ে আগুন জ্বলছিল। বনকর্মীরা ফায়ার সার্ভিস ও স্থানীয় গ্রামবাসীদের সহায়তায় আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। বন বিভাগ আগুন লাগার কারণ এখনো জানাতে পারেনি।ঘটনাস্থল থেকে সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মিহির কুমার দে আজ দুপুরে মোবাইল ফোনে জানান, ভোলা নদীর পশ্চিম পাড়ে পয়ষট্টিছিলা এলাকার বনে আগুন লেগেছে। প্রায় পাঁচ একর এলাকায় ছড়িয়ে-ছিটিয়ে আগুন জ্বলছে। ৭০ জন বনকর্মী, শতাধিক শ্রমিক এবং দমকল বাহিনীর একটি ইউনিট আগুন নেভাতে কাজ করছে। পানির অভাবে ভূপৃষ্ঠে ‘লাইন অব ফায়ার’ কেটে দিয়ে আগুন নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করা হচ্ছে। তিনি জানান, জোয়ারের সময় ওই এলাকার বনে পানি না ওঠায় এলাকাটি শুষ্ক থাকে। এখানে লতা-পাতা এবং গুল্মজাতীয় সিংড়া ও বলাগাছ বেশি জন্মায়। এই এলাকায় খর্বাকৃতি কিছু সুন্দরী গাছও রয়েছে। আগুনে এসব লতা, গুল্ম ও গাছ পুড়ে যাচ্ছে। ঘটনাস্থলের পার্শ্ববর্তী একটি খালে জোয়ারের সময় পানি জমে, সেই পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করা হচ্ছে। আগুন সম্পূর্ণভাবে নেভাতে কত সময় লাগবে, তা এখনই বলা সম্ভব হচ্ছে না।ঘটনাস্থল থেকে ফিরে বাগেরহাটের মোরেলগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুব্রত কুমার শিকদার আজ জানান, প্রায় চার-পাঁচ একর এলাকায় শতাধিক স্থানে ছড়িয়ে-ছিটিয়ে আগুন জ্বলছিল। এখনো অন্তত ১৫ থেকে ২০টি স্থানে আগুন দেখা যাচ্ছে। তবে আগুন বনকর্মীদের নিয়ন্ত্রণে রয়েছে বলে তিনি দাবি করেন।উপপ্রধান বনসংরক্ষক (সামাজিক বনায়ন উইং) এবং সুন্দরবন পূর্ব বন বিভাগের সাবেক বিভাগীয় বন কর্মকর্তা শেখ মিজানুর রহমান জানান, সুন্দরবন পূর্ব বিভাগের উত্তর-পূর্ব কোণে ভোলা নদীর প্রায় ২৫ কিলোমিটার দীর্ঘ একটি এলাকাজুড়ে বিভিন্ন স্থানে সুন্দরবনের ভূমি উঁচু হয়ে গেছে। এসব জায়গায় জোয়ারের পানি ওঠে না। শীতকালে এই এলাকায় বনের পাতা পড়ে ছয় থেকে নয় ইঞ্চি পুরু একটি স্তর তৈরি হয়। আধাপচা এসব পাতা স্তরের ফাঁকে মিথেন গ্যাস জমে থাকে। শুষ্ক মৌসুমে বৃষ্টি না হলে ফেব্রুয়ারি থেকে এপ্রিল মাসে এসব এলাকা খুবই শুষ্ক থাকে। এ সময় অসতর্ক বন ব্যবহারকারীদের ফেলে যাওয়া বিড়ি-সিগারেট বা মৌয়ালদের মশালের আগুন থেকে অথবা প্রচণ্ড সূর্যতাপের কারণে শুকনো পাতা থেকে বনে আগুন ধরে থাকে। তাই প্রতিবছর বৃষ্টি শুরু না হওয়া পর্যন্ত ওই সব এলাকায় এ ধরনের আগুনের আশঙ্কা থাকে।