সুন্দরবনে আগ্নেয়াস্ত্রসহ আটক ৩
কোস্টগার্ড ও র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব-৬) আজ শুক্রবার দুপুরে সুন্দরবনে যৌথ অভিযান চালিয়ে ১৩টি আগ্নেয়াস্ত্র ও ২৬টি গুলি উদ্ধার করেছে। খুলনার বটিয়াঘাটা উপজেলা এলাকা থেকে গতকাল বৃহস্পতিবার তিন ব্যক্তিকে অবৈধ আগ্নেয়াস্ত্র ব্যবসায়ী সন্দেহে আটক করা হয়। তাদের দেওয়া তথ্য অনুযায়ী সুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জের জংড়া ফরেস্ট ক্যাম্পের দক্ষিণ দিকে মাটিতে পুঁতে রাখা এসব আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রের মধ্যে রয়েছে, দেশে তৈরি পাঁচটি ওয়ান শুটার, একটি রিভলবার, সাতটি এলজি এবং রাইফেল, পিস্তল ও শটগানের ২৬টি তাজা গুলি। আটক ব্যক্তিরা হলেন—সাইদুল ইসলাম (৩০), রফিকুল ইসলাম (৪০) ও মিলন মণ্ডল। মংলার কোস্টগার্ড পশ্চিম জোনের জোনাল কমান্ডার এম সাঈদুর রহমান এবং র্যাব-৬-এর কমান্ডার নূর-ই-আলম প্রথম আলো অনলাইনকে বলেন, আটক ব্যক্তিরা সবাই অবৈধ অস্ত্র ব্যবসায়ী। তিনি আরও বলেন, আটকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। উদ্ধার করা আগ্নেয়াস্ত্রসহ তাদেরকে খুলনার দাকোপ থানায় হস্তান্তর করা হবে বলেও তিনি জানান।