সুন্দরবনে খাঁচায় বন্দী কুমিরছানা উদ্ধার
সুন্দরবন থেকে বাঁশের খাঁচায় বন্দী অবস্থায় একটি কুমিরছানা উদ্ধার করেছেন বনরক্ষীরা। আজ শনিবার সকালে গোপন খবরের ভিত্তিতে পূর্ব সুন্দরবনের ভোলা টহল ফাঁড়ি এলাকার কাছে ঢালির ঘোপ গ্রাম থেকে কুমিরছানাটি উদ্ধার করা হয়।কুমিরছানাটি লেজসহ লম্বায় ৪০ ইঞ্চি। পেটের নিচে পাঁচ ইঞ্চি চওড়া। দুপুরে কুমিরছানাটিকে করমজল কুমির প্রজনন কেন্দ্রে হস্তান্তর করা হয়েছে।সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক কাশ্যপী বিকাশ চন্দ্র বলেন, ঢালির ঘোপ গ্রামে একটি ধানখেতে কাঁকড়া ধরা একটি বাঁশের খাঁচায় ছিল কুমিরছানাটি । বন বিভাগের ধারণা, কোনো সংঘবদ্ধ বন্য প্রাণী পাচারকারী চক্র পাচারের জন্য কুমিরছানাটি ধরে। বন বিভাগ প্রাথমিকভাবে সন্দেহ করছে, ঘটনার সঙ্গে ওই এলাকার সোনাতলা গ্রামের একটি সংঘবদ্ধ শিকারি চক্র জড়িত । এ ঘটনায় বন আইনে একটি মামলা হয়েছে। তবে কাউকে গ্রেপ্তার করা হয়নি। মামলায় সন্দেহভাজন শিকারি চক্রের কয়েক সদস্যের নাম উল্লেখ করা হয়েছে। গত বছরের ২৩ সেপ্টেম্বর পুলিশ ও বন বিভাগ উপজেলার উত্তর কদমতলা গ্রামের একটি বাড়ি তল্লাশি করে লবণ পানির চারটি প্রজাতির ছোট কুমিরের চামড়া উদ্ধার করেছিল। সেগুলোর দৈর্ঘ্য ছিল দুই ফুট পাঁচ ইঞ্চি থেকে তিন ফুট আট ইঞ্চির মধ্যে। সুন্দরবনে লোনা পানির প্রজাতির কুমিরের আবাসস্থল হলেও এই বনের কুমিরের সঠিক গ্রহণযোগ্য কোনো পরিসংখ্যান নেই। ১৯৮৫ সালের বন বিভাগের এক জরিপ অনুযায়ী, সুন্দরবনে লোনা পানির ছোট-বড় দুই শতাধিক কুমির ছিল। তবে পূর্ব সুন্দরবনের করমজল কুমির প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুর রব মনে করেন, বর্তমানে সুন্দরবনে লোনা পানির কুমিরের সংখ্যা বেড়ে তিন থেকে চার’ শ এর মধ্যে রয়েছে।