সুন্দরবনে গুলিতে ২ বনদস্যু নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুন্দরবনে র্যাব ও কোস্টগার্ডের সঙ্গে বনদস্যু রাজু বাহিনীর সদস্যদের ব্যাপক গোলাগুলি হয়েছে। ঘটনাস্থল থেকে দুই ব্যক্তির গুলিবিদ্ধ লাশ এবং ১৪টি আগ্নেয়াস্ত্রসহ বিপুল পরিমাণ গোলা-বারুদ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার সকালে সুন্দরবন পশ্চিম বিভাগের খুলনা রেঞ্জের কালাবগি স্টেশনের নিশানখালী এলাকায় ওই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।র্যাব ও কোস্টগার্ড জানায়, নিহতরা হলেন মাসুদ ও মান্নান। তাঁরা বনদস্যু রাজু বাহিনীর সদস্য ছিলেন। তবে র্যাব ও কোস্টগার্ড নিহতদের বিস্তারিত পরিচয় জানাতে পারেনি।উদ্ধার করা আগ্নেয়াস্ত্রের মধ্যে রয়েছে পাঁচটি একনলা বিদেশি বন্দুক, একটি কাটা রাইফেল, দশমিক ২২ বোরের দুটি রাইফেল, ছয়টি সিংগেল শুটার গান, দুই হাজার বিভিন্ন ধরনের গুলি। এ ছাড়াও একটি বায়োনোকলার, ১৫টি মুঠোফোন, একটি শক্তিশালী ওয়্যারলেস (ভিএইচএস) সেট উদ্ধার করা হয়েছে।র্যাব-৮-এর লেফটেন্যান্ট সরফরাজ প্রথম আলোকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৮ ও কোস্টগার্ডের একটি যৌথ দল সুন্দরবনের নিশানখালী এলাকায় বনদস্যু রাজু বাহিনীর অভিযান চালায়। তারা ঘটনাস্থলে পৌঁছলে রাজু বাহিনীর সদস্যরা র্যাব ও কোস্টগার্ডকে লক্ষ্য করে গুলি ছোড়ে। সে সময় তারাও পাল্টা গুলি চালায়। এ সময় প্রায় এক ঘণ্টা ধরে গোলাগুলি হয়।বাগেরহাটের পুলিশ সুপার খন্দকার রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।