সুন্দরবনে চার হরিণ শিকারি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুন্দরবনে আবারও হরিণের মাংস, চামড়া, ফাঁদ, ট্রলার ও ধারালো অস্ত্রসহ চার শিকারিকে গ্রেপ্তার করেছে বন বিভাগ। গতকাল শুক্রবার সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জের কোকিলমনি টহল ফাঁড়িসংলগ্ন বাহিরচর ও চরের খাল এলাকা থেকে পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় বন আইনে পৃথক দুটি মামলা হয়েছে। আজ শনিবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।বন বিভাগ জানায়, গতকাল বেলা ১১টার দিকে বাহিরচর খাল থেকে খুলনার পাইকগাছা উপজেলার কাওয়ালী গুচ্ছগ্রামের মো. বখতিয়ার গাজী (৩০) এবং সাতক্ষীরার আশাশুনি উপজেলার বড়দল গ্রামের পচা গাজীকে (২৫) আটক করা হয়। তাঁদের কাছ থেকে ১০ কেজি হরিণের মাংস, চারটি হরিণের পা, দা, কুড়াল, চাপাতি ও একটি ট্রলার জব্দ করা হয়।ওই দিনই দুপুর ১২টার দিকে চরের খাল এলাকা থেকে খুলনার দাকোপ উপজেলার কামিনীবাসিনী গ্রামের দিপক গাইন (৩০) এবং একই গ্রামের প্রদ্যুত্ সরকার (৩৫)। তাঁদের কাছ থেকে একটি ট্রলার, একটি হরিণের চামড়া, ৫০০ দড়ির ফাঁদ, দা, কড়াল ও ছুরি উদ্ধার করা হয়।সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মিহির কুমার দো আজ শনিবার সকালে প্রথম আলোর কাছে বিষয়টি নিশ্চিত করে বলেন, কোকিলমনি টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা আমির হামজা বাদী হয়ে পৃথক দুটি মামলা করেন। তিনি বলেন, ৮ থেকে ১০ নভেম্বর পর্যন্ত দুবলায় রাসমেলা অনুষ্ঠিত হবে। রাসমেলাকে সামনে রেখে চোরা শিকারিদের প্রতিরোধে সুন্দরবনে টহল জোরদার করা হয়েছে। সুন্দরবন বিভাগের কর্মকর্তা কর্মচারীদের ঈদের ছুটি বাতিল করা হয়েছে।গত বুধবার একই এলাকা থেকে বনকর্মীরা একটি শিকার করা হরিণ এবং হরিণ ধরার ৬০০ ফাঁদসহ দুই শিকারিকে গ্রেপ্তার করেছিল।