সুন্দরবনে থেমে থেমে আগুন জ্বলছে
পূর্ব সুন্দরবনের গুলিশাখালী ক্যাম্পসংলগ্ন পঁয়ষট্টি ছিলায় এখনো থেমে থেমে আগুন জ্বলছে। দমকল ও বনকর্মীরা পানি দিয়ে আগুন নেভানোর কিছুক্ষণ পরই আবার সেখানে জ্বলে উঠছে আগুন। আজ বুধবার সকালে সেখানে নতুন করে দু-তিনটি স্থানে আগুন জ্বলে ওঠে।ওই এলাকায় গত শনিবার থেকে সংঘটিত এই অগ্নিকাণ্ডে অন্তত পাঁচ একর বনের বিভিন্ন প্রজাতির গাছপালা পুড়ে গেছে।সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মিহির কুমার দো আজ দুপুরে প্রথম আলোকে বলেন, ‘গতকাল মঙ্গলবার গভীর রাত পর্যন্ত বনকর্মী ও দমকল কর্মীরা আগুন নেভানোর কাজ করেছেন। আমরা একপ্রকার নিশ্চিন্ত হয়েছিলাম যে আগুন সম্পূর্ণভাবে নিভে গেছে। কিন্তু আজ সকালে আবার দু-তিনটি স্থানে আগুন জ্বলে ওঠে। তবে বনকর্মীরা দমকল কর্মীদের সহযোগিতা ছাড়াই চেষ্টা চালিয়ে সে আগুন নিভিয়ে ফেলেন। ক্ষতিগ্রস্ত এলাকাটি সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হয়েছে। অন্তত সাত দিন পর্যবেক্ষণের পর আগুন সম্পূর্ণ নিভেছে কি না, তা নিশ্চিত করে বলা যাবে।’