সুন্দরবনে বনদস্যুদের গুলিতে জেলে নিহত
সুন্দরবনে বনদস্যুদের গুলিতে গতকাল সোমবার সন্ধ্যায় বিশ্বনাথ সুতোর (৩৪) নামের এক জেলে নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকালে বনকর্মীদের সহযোগিতায় সহকর্মীরা বিশ্বনাথের লাশ তাঁর গ্রামে নিয়ে গেছেন।সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক সাহাবুদ্দিন আহমেদ আজ মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করে বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গতকাল সন্ধ্যায় ওই রেঞ্জের মুতির খাল এলাকায় বনদস্যু ‘গামা বাহিনী’ ও ‘রাজা বাহিনী’র মধ্যে বন্দুকযুদ্ধ চলাকালে ‘লাইন অব ফায়ারে’ পড়ে বিশ্বনাথ নিহত হন। বিশ্বনাথ এ সময় ওই এলাকায় নৌকায় করে মাছ ধরছিলেন। গত শুক্রবার সুন্দরবনে র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে দুটি বনদস্যু দলের দুই প্রধান জিহাদ, সোহাগসহ পাঁচজন নিহত হওয়ার মাত্র চার দিন পর আরও দুটি দস্যু দলের মধ্যে বন্দুকযুদ্ধে এ ঘটনা ঘটে।বন্দুকযুদ্ধে নিহত জেলে বিশ্বনাথ সুতোর বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার জিউধরা ইউনিয়নের কালীবাড়ী গ্রামের মনোরঞ্জন সুতোরের ছেলে। তিনি বন বিভাগের বৈধ অনুমতি নিয়ে ওই এলাকায় মাছ ধরতে গিয়েছিলেন। বাগেরহাটের মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ আলম বলেন, ‘বনদস্যুদের গুলিতে বিশ্বনাথ নামে এক জেলে নিহত হওয়ার সংবাদ আমরা জেনেছি। সুন্দরবনের ওই ঘটনাস্থল কোন থানার এলাকাভুক্ত সে বিষয়ে খোঁজ নিয়ে মামলা গ্রহণ করা হবে।’ তবে এ ঘটনায় এখনো কেউ মামলা করতে থানায় আসেনি বলে তিনি জানান।