সুন্দরবনে বন্দুকযুদ্ধে নিহত ২
পূর্ব সুন্দরবনে র্যাব ও পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে দুজন নিহত হয়েছেন। এ সময় ঘটনাস্থল থেকে ১১টি আগ্নেয়াস্ত্রসহ বেশ কিছু গুলি উদ্ধার হয়েছে। র্যাব ও পুলিশ দাবি করেছে, নিহত ব্যক্তিরা বনদস্যু মুর্ত্তজা বাহিনীর সদস্য। আজ সকাল আটটার দিকে সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জের হরিণটানা ক্যাম্প এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তিদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তাঁর নাম ফয়সাল (২৮)। বাগেরহাটের পুলিশ সুপার খন্দকার রফিকুল ইসলাম ও র্যাব-৮-এর উপ-অধিনায়ক মেজর সাব্বির হাসান ওসমানী প্রথম আলো ডটকমকে জানান, হরিণটানা এলাকায় বনদস্যু মুর্ত্তজা বাহিনীর সদস্যরা অবস্থান করছে—এমন সংবাদের ভিত্তিতে র্যাব ও পুলিশের একটি দল গতকাল শনিবার রাতে অভিযানের উদ্দেশ্যে সুন্দরবনে যায়। আজ সকাল সাড়ে সাতটার দিকে অভিযানকারী দলটি হরিণটানা ক্যাম্প এলাকার চোর্দার খাল দিয়ে যাওয়া একটি ট্রলারকে থামার নির্দেশ দেয়। কিন্তু ট্রলারে থাকা লোকজন তা না থামিয়ে অভিযানকারী দলটিকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় অভিযানকারী দলটি পাল্টা গুলি ছুড়লে দুজন নিহত হয়। তবে অন্যরা ট্রলার ফেলে সুন্দরবনে ঢুকে যায়। ঘটনাস্থল থেকে র্যাব ও পুলিশ ১১টি আগ্নেয়াস্ত্র, গুলি ও গুলিবিদ্ধ দুটি মৃতদেহ উদ্ধার করে। র্যাব-৮-এর অধিনায়ক লে. কর্নেল ফরিদ উল আলম বলেন, লাশ ও উদ্ধার করা আগ্নেয়াস্ত্র শরণখোলা থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।