১৬ বছরে ৪১টি বাঘ হত্যা চামড়া, দাঁত ও হাড় পাচার
সুন্দরবনে বন্য প্রাণী পাচারকারী চক্র সক্রিয়
সুন্দরবন এলাকায় বণ্য প্রাণী পাচারকারী চক্র বেপরোয়া হয়ে উঠেছে। গত কয়েক বছরে এই চক্র সুন্দরবন থেকে বাঘ, হরিণ, সাপ থেকে শুরু করে বিভিন্ন দুর্লভ প্রজাতির বণ্য প্রাণী ধরে আন্তর্জাতিক পাচারকারী চক্রের হাতে তুলে দিয়েছে। এতে সুন্দরবনের প্রধান সৌন্দর্য ও সম্পদ বন্য প্রাণীদের জীবন হুমকির মুখে পড়ছে।বন বিভাগের কর্মকর্তারাই বলছেন, সুন্দরবনের ভেতর দিয়ে চালু হওয়া নৌরুট দিয়ে যাওয়া জাহাজ ও কার্গোতে করে ওই সব বণ্য প্রাণীর অঙ্গ-প্রতঙ্গ, এমনকি জীবন্ত অবস্থায় তা পাচার হয়ে যাচ্ছে। সুন্দরবন এলাকার একটি প্রভাবশালী চক্র ও বন বিভাগের কিছু অসাধু কর্মকর্তা এ কাজে সহায়তা করছেন।বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের খুলনা কার্যালয়ের তথ্য অনুযায়ী, গত ১৬ বছরে সুন্দরবনে ৫২টি বাঘ মারা গেছে। এর মধ্যে স্থানীয় লোকজন ২৪টি বাঘ পিটিয়ে এবং চোরা শিকারিরা ১৭টি বাঘ কৌশলে হত্যা করে। ১১টি বাঘের স্বাভাবিক মৃত্যু হয়। বন বিভাগের রেকর্ডের বাইরেও বাঘসহ বন্য প্রাণী মারা পড়েছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। মারা পড়া প্রাণীর অঙ্গ-প্রত্যঙ্গ কৌশলে ওই আন্তর্জাতিক চক্রের মাধ্যমে পাচার হয়ে যাচ্ছে। বন অধিদপ্তরের খুলনা বিভাগের বন সংরক্ষক (সিএফ) আকবর হোসেন প্রথম আলোকে বলেন, চীন, মিয়ানমার, ভারত, নেপাল, ভুটানসহ বিভিন্ন দেশে বাঘ, হরিণ, গুইসাপ, তক্ষক ও কুমিরের চামড়া, হাড়, দাঁতসহ বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গের বাজার রয়েছে। এ কারণে আন্তর্জাতিক পাচারকারী চক্রের সহযোগিতায় দেশীয় পাচারকারী চক্র সক্রিয় রয়েছে। ওই চক্র কৌশলে সুন্দরবনে বাঘসহ বিভিন্ন বন্য প্রাণী হত্যা করছে। এ ব্যাপারে কঠোর ব্যবস্থা নিয়েছে বন বিভাগ।পাচারের যত ঘটনা: খুলনার দাকোপ উপজেলায় সুন্দরবনের ঢাংমারী এলাকায় একটি বাঘ হত্যার পর চারটি বড় দাঁত চার লাখ টাকায় বিক্রির চেষ্টা করে পাচারকারী চক্র। গত বছরের ৬ নভেম্বর র্যাবের সহায়তায় ওই দাঁতসহ দুজনকে আটক করে বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ।এক মাস পর ১৫ ডিসেম্বর পশ্চিম সুন্দরবনের জয়খালী এলাকা থেকে একটি মৃত বাঘ উদ্ধার করা হয়। বাঘটির মাথা ও চারটি পা ছিল না। এভাবে কৌশলে বাঘ হত্যা করে দাঁত, চামড়া ও হাড় সংগ্রহ করছে সংঘবদ্ধ চক্র।বন অধিদপ্তর সূত্রে জানা গেছে, ২০০৯ সালের ২৬ আগস্ট খুলনা নগরের শেরেবাংলা সড়কের ময়লাপোঁতা মোড় এলাকা থেকে বাঘের একটি চামড়াসহ চারজনকে গ্রেপ্তার করে র্যাব। গ্রেপ্তার হওয়া চারজনের মধ্যে বন বিভাগের এক কর্মচারীর ছেলে ছিল। এই মামলায় তিনজনের সাজা হলেও একজন বেকসুর খালাস পায়।২০১১ সালের ফেব্রুয়ারি মাসে বাগেরহাটের শরণখোলা উপজেলার বাংলাবাজার এলাকা থেকে চারটি বাঘের মাথার খুলি, তিনটি বাঘের চামড়াসহ জামাল উদ্দিন ফকির (৪২) নামের এক পাচারকারীকে গ্রেপ্তার করে সুন্দরবন পূর্ব বিভাগ। এ ব্যাপারে আদালতে মামলা করে বন বিভাগ।গত বছরের ১১ জুন সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের শ্যামনগরের কৈখালী এলাকা থেকে পাচার হওয়া তিনটি বাঘের বাচ্চা ঢাকার শ্যামলী এলাকার আবদুল কাদেরের বাসা থেকে র্যাব উদ্ধার করে। কাদেরের স্ত্রী ও এক ছেলেকে গ্রেপ্তার করে র্যাব। ওই ঘটনায় বন বিভাগ কৈখালী স্টেশন কর্মকর্তাসহ নয়জনকে সাময়িক বরখাস্তের পর একটি তদন্ত কমিটি করে।এক মাস পর গ্রেপ্তার: বাঘ হত্যাকারীদের শনাক্ত করতে ৬ নভেম্বর পশ্চিম ঢাংমারী ও লাউডোব এলাকায় ওয়াইল্ড লাইফ ওয়াচার (অস্থায়ী ভিত্তিতে স্থানীয় তথ্য প্রদানকারী) নিয়োগ করা হয়। ওই দিনই ঢাংমারী এলাকায় কিছু লোক একটি বাঘ পিটিয়ে হত্যা করে মুখের সামনের অংশ কেটে নেয়। এ ব্যাপারে বন বিভাগের ঢাংমারী স্টেশন কর্মকর্তা মনিরুজ্জামান ১০ জনকে আসামি করে আদালতে মামলা করেন। ৯ ডিসেম্বর পশ্চিম ঢাংমারী এলাকা থেকে মামলার এজাহারভুক্ত আসামি নজরুল ইসলাম (৩২) ও দেলোয়ার হাওলাদারকে (২৮) গ্রেপ্তার করে বন বিভাগ। উদ্ধার করে বাঘের দুটি দাঁত।একই মাসের ৩১ ডিসেম্বর ঢাংমারী থেকে পরিত্যক্ত অবস্থায় বাঘের চোয়ালের দুটি বড় দাঁত উদ্ধার করা হয়। এ ব্যাপারে অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করে বন্য প্রাণী বিভাগ।যেভাবে পাচার হচ্ছে: বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের খুলনার বিভাগীয় কর্মকর্তা (ডিএফও) আবু নাছের মো. ইয়াছিন নেওয়াজ বলেন, বাগেরহাটের রামপাল থেকে মংলা পর্যন্ত নদীর নাব্যতা হ্রাস পাওয়ায় ভারতে ও দেশের বিভিন্ন অঞ্চলের ছোট-বড় জাহাজ ও কার্গো সুন্দরবনের মধ্যে নন্দবালা-চাঁদপাই-মৃগামারী-আন্ধারমানিক-তামবুলবুনিয়া-হরিণটানা-দুধমুখী-শরণখোলা-তেড়াব্যাকা ও বগী হয়ে চলাচল করছে। এতে সুন্দরবনের পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্তের পাশাপশি ওই সব জাহাজ ও কার্গোর মাধ্যমে বাঘসহ বন্য প্রাণী, মূল্যবান চামড়া, দাঁত ও হাড় পাচার হচ্ছে। এ ছাড়া, বন বিভাগ থেকে মাছ পরিবহনের নাম করে পাস নিয়ে পরিবহন ট্রলারগুলো বনের মধ্যে প্রবেশ করছে।বন কর্মকর্তারা বলেন, এসব ট্রলারে করে বন ও জলদস্যুদের জন্য চাল, ডালসহ বিভিন্ন মালামাল বনে নেওয়া হয়। বিনিময়ে দস্যুদের কাছ থেকে বন্য প্রাণীসহ মূল্যবান চামড়া ও দাঁত আনা হয়। বন বিভাগসহ বিভিন্ন সংস্থা নিয়মিত তল্লাশি না করলে বাঘসহ বন্য প্রাণী হত্যা ও পাচার থামানো যাবে না। বন্য প্রাণী হত্যা ও পাচার রোধে ইতিমধ্যে বিশ্বব্যাংকের সহযোগিতায় ‘বন্য প্রাণী সংরক্ষণে আঞ্চলিক সহযোগিতা শক্তিশালীকরণ’ শীর্ষক প্রকল্পের কাজ শুরু হয়েছে। বন্য প্রাণী সংরক্ষণ, পাচার রোধসহ উদ্ধার কার্যক্রম পরিচালনা করছে বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ। ওই বিভাগ থেকে সুন্দরবনসহ বিভিন্ন এলাকায় বন্য প্রাণী সংরক্ষণ, পাচার রোধ, অপরাধ নিয়ন্ত্রণ, দোষীদের শনাক্তকরণ ও পাচারের তথ্য সংগ্রহের জন্য ওয়াইল্ড লাইফ ওয়াচার নিয়োগ করা হয়েছে।ডিএফও আবু নাছের মো. ইয়াছিন বলেন, ‘যে নেটওয়ার্ক গড়ে তুলেছি, তাতে খুব শিগগিরই পাচারকারীদের সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারব।’