সুন্দরবনে বাঘের আক্রমণে এক জেলে আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুন্দরবনে বাঘের আক্রমণে সিরাজ গাজী (৩৫) নামের একজন জেলে আহত হয়েছেন।আজ শনিবার সকাল সাড়ে আটটার দিকে পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কৈখালী স্টেশনের রায়মঙ্গল নদীসংলগ্ন হোগলডুগি খালে মাছ ধরার সময় এ ঘটনা ঘটে। সিরাজ গাজীকে স্থানীয়ভাবে চিকিত্সা দেওয়া হয়েছে।আহতের বাবা সাতক্ষীরার শ্যামনগর উপজেলার টেংরাখালী গ্রামের ফরেজ গাজী জানান, তিনি ও তাঁর ছেলে সিরাজ এবং একই গ্রামের রমজান গাজীসহ আটজন মিলে বন বিভাগের কৈখালী স্টেশন অফিস থেকে পাস (অনুমতি) নিয়ে গতকাল দুপুরে সুন্দরবনে মাছ শিকার করতে যান। আজ সকালে খাল থেকে জাল তোলার সময় একটি বাঘ সিরাজের ওপর আক্রমণ করে। এ সময় সিরাজ তাঁর হাতে থাকা লাঠি দিয়ে বাঘটিকে প্রতিহত করার চেষ্টা করতে থাকে। এ ভাবে ১০-১২ মিনিট চলার পর একপর্যায়ে তাঁরা সবাই মিলে লাঠিসোঁটা নিয়ে বাঘের ওপর পাল্টা আক্রমণ করলে বাঘটি পালিয়ে যায়। এ সময় বাঘের আক্রমণে সিরাজের মাথায় ও পিঠে মারাত্মক ক্ষতের সৃষ্টি হয়। সাতক্ষীরা পশ্চিম সুন্দরবনের কৈখালী স্টেশন কর্মকর্তা আবুল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জেলেরা বন বিভাগের অনুমতি না নিয়েই মাছ শিকার করতে বনে ঢুকেছিল।