সুন্দরবনে বাঘের আক্রমণে মত্স্যজীবী নিহত
সুন্দরবন পূর্ব বিভাগের চরের খালে কাঁকড়া ধরতে গিয়ে আজ বুধবার সকালে হেমায়েত শেখ (৩২) নামের এক মত্স্যজীবী বাঘের হামলায় নিহত হয়েছেন। পরে বনকর্মীরা বনের ভেতর থেকে তাঁর মৃতদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেন। তিনি পার্শ্ববর্তী খুলনা জেলার দাকোপ উপজেলার বানিশান্তা ইউনিয়নের ঢাংমারি গ্রামের বাসিন্দা। তিনি তাঁর ভাইয়ের সঙ্গে কাঁকড়া ধরতে বনে ঢুকেছিলেন।সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মিহির কুমার দো দুপুরে এ প্রতিবেদককে জানান, নিহত হেমায়েত শেখ ভোরে তাঁর ভাইয়ের সঙ্গে কাঁকড়া ধরতে নৌকা নিয়ে চাঁদপাই রেঞ্জের ঢাংমারি স্টেশনের ঘাঘরামারি ক্যাম্পের চরের খালে গিয়েছিলেন। সকাল ১০টার দিকে হঠাত্ একটি রয়েল বেঙ্গল টাইগার হামলা চালিয়ে তাঁকে বনের ভেতর নিয়ে যায়। তাঁর ভাইয়ের মাধ্যমে খবর পেয়ে ঘাঘরামারি ক্যাম্পের বনকর্মীরা ঘটনাস্থল-সংলগ্ন বনে তল্লাশি চালিয়ে হেমায়েতের মৃতদেহ উদ্ধার করেন। এর আগেই বাঘ হেমায়েতকে হত্যা করে তাঁর সম্পূর্ণ ডান পা খেয়ে ফেলেছিল।ঢাংমারী স্টেশন কর্মকর্তা কাজী মোকাম্মেল হোসেন ঘটনাস্থল থেকে ফেরার পথে বুধবার দুপুরে মুঠোফোনে এই প্রতিবেদককে জানান, লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। হেমায়েতের ভাইয়ের কাছে থাকা বন বিভাগের কাঁকড়া ধরার অনুমতিপত্রে (পাস) তাঁর নাম অন্তর্ভুক্ত না থাকায় তাঁকে সরকার-ঘোষিত ক্ষতিপূরণ দেওয়া সম্ভব হবে না। প্রসঙ্গত, ‘বন্য প্রাণী দ্বারা আক্রান্ত মানুষের জানমালের ক্ষতিপূরণ নীতিমালা ২০১০’ শিরোনামে জারি করা একটি প্রজ্ঞাপনের আওতায় গত বছরের ১০ নভেম্বর থেকে সরকার বনের ভেতরে অনুমোদিত ব্যক্তি বাঘ, হাতি ও কুমিরের আক্রমণে নিহত হলে তাদের পরিবারকে এক লাখ টাকা এবং পঙ্গুত্ববরণকারীর জন্য ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ দিচ্ছে।