সুন্দরবনে বাঘের সঙ্গে বাবা-ছেলের লড়াই
সুন্দরবনে বাঘের সঙ্গে প্রায় ৩০ মিনিট লড়াই করে রাভু মোড়ল (১৭) নামের এক কিশোরকে উদ্ধার করেছে তাঁর বাবা ও এক চাচাতো ভাই। এ সময় বাঘের আক্রমণে রাভু ছাড়াও তাঁর চাচাতো ভাই রুবেল (২২) আহত হয়েছেন। আহতদের স্থানীয়ভাবে চিকিত্সার ব্যবস্থা করা হয়েছে। আজ শুক্রবার সকাল সাতটার দিকে সুন্দরবনের তুষখালী এলাকায় এ ঘটনা ঘটে।সাতক্ষীরার শ্যামনগর উপজেলার হরিনগর গ্রামের মোস্তফা মোড়ল জানান, তিনি তাঁর ছেলে রাভু মোড়ল ও ভাতিজা রুবেল মোড়লকে সঙ্গে নিয়ে আজ সকালে সুন্দরবনের কদমতলা স্টেশনের অনুমতি নিয়ে তুষখালী এলাকায় কাঁকড়া ধরতে যান। সেখানে কাঁকড়া ধরার সময় একটি বাঘ রাভুর ওপর হামলা চালায়। সঙ্গে সঙ্গে নৌকার বৈঠা, লাঠি নিয়ে তিনি ও তাঁর ভাতিজা রুবেল বাঘের ওপর পাল্টা হামলা চালান। একপর্যায়ে বাঘটি রাভুকে ছেড়ে রুবেলের ওপর হামলা চালায়। আক্রমণ, পাল্টা আক্রমণ চলে প্রায় ৩০ মিনিট। এ ঘটনা দেখতে পেয়ে কাঁকড়া ও মাছ ধরায় রত অন্য জেলেরা এসে ঠেকালে বাঘটি বনে পালিয়ে যায়। সুন্দরবনের চুনকুড়ী টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাইমুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।