সুন্দরবনে মুক্তিপণের দাবিতে ২০ জেলে অপহূত
সুন্দরবন থেকে অপহূত ২০ জেলের মধ্যে তিনজন আজ শুক্রবার মুক্তিপণ দিয়ে ফিরে এসেছেন। গত মঙ্গলবার একদল সশস্ত্র বনদস্যু চার লাখ টাকা মুক্তিপণের দাবিতে ওই জেলেদের অপহরণ করেছিল। মুক্তি পাওয়া জেলেরা হচ্ছেন: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সিংহড়তলী গ্রামের নূর হোসেন এবং হরিনগর গ্রামের বাক্কার গাজী ও আবদুস সালাম। মুক্তি পাওয়া জেলেরা জানান, গত মঙ্গলবার সুন্দরবনের চুনকরী নদীর মাথাভাঙ্গা এলাকায় মাছ ও কাঁকড়া ধরার সময় মান্নান বাহিনীর ১২-১৪ জনের সশস্ত্র বনদস্যু তাঁদের আটক করে মাথাপিছু ২০ হাজার টাকা করে দাবি করে। বনদস্যুরা আগামী সোমবার পর্যন্ত মুক্তিপণ দেওয়ার শেষ সময় নির্ধারণ করে দেয়। অন্যথায় হত্যা করে তাঁদের লাশ নদীতে ফেলে দেবে বলে বনদস্যুরা মোবাইলে অপহূত জেলেদের পরিবারের সদস্যদের জানিয়ে দেয়। এর পরিপ্রেক্ষিতে ৪৫ হাজার টাকা মুক্তিপণ দিয়ে আজ শুক্রবার ওই তিন জেলে বাড়ি ফিরে এসেছেন বলে জানান।নাম প্রকাশ না করার শর্তে অপহূত এক জেলের আত্মীয় জানান, অপহূত বাকি জেলেদের পারিবারিকভাবে উদ্ধারের চেষ্টা চালানো হচ্ছে। সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক তৌফিকুল ইসলাম জানান, কয়েকজন জেলেকে অপহরণ করা হয়েছে বলে তিনি শুনেছেন। তবে কেউ কোনো অভিযোগ করেননি।সাতক্ষীরার কালীগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তাঁরা বিষয়টির ব্যাপারে খোঁজখবর নিচ্ছেন। তবে কেউ লিখিত অভিযোগ করেননি।