সুন্দরবনে মুক্তিপণের দাবিতে ৪০ জেলে অপহূত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিপণের দাবিতে সুন্দরবনের দুবলারচর সংলগ্ন ভেদাখালী খাল থেকে ৪০ জন জেলে ও দুটি ট্রলার অপহরণ করেছে বনদস্যু নাসির বাহিনী। জেলেদের বাড়ি শরণখোলা ও মঠবাড়িয়ার বিভিন্ন গ্রামে।দুবলা ফিশারম্যান গ্রুপের নেতা মো. কামাল উদ্দিন আহমেদ জানান, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সাগরে মাছ ধরতে যাওয়া জেলেরা গতকাল শনিবার রাতে সুন্দরবনের দুবলারচর সংলগ্ন ভেদাখালী খালে আশ্রয় নেয়। রাতে বনদস্যু নাসির বাহিনীর নাছিরের নেতৃত্বে ১০-১২ জনের সশস্ত্র দস্যু জেলেদের ওপর হামলা চালায়। তারা বিপুল পরিমাণ মাছ লুটে নেয় ও জেলেদের মারধর করে। পরে তারা ট্রলার প্রতি দুই লাখ টাকা মুক্তিপণের দাবিতে ৪০ জন জেলে ও দুটি ট্রলার অপহরণ করে নিয়ে যায়। বন বিভাগের দুবলারচর স্টেশন কর্মকর্তা অনীল সাহা বলেন, ‘গতকাল রাতে নাসির বাহিনী এ অপহরণের ঘটনা ঘটায়। বাহিনী একটি ট্রলার ফেরত দিয়েছে বলে আমি শুনেছি, তবে অপহূত জেলেদের সংখ্যা কত, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।’কোস্টগার্ড পশ্চিম জোনের অপারেশন কর্মকর্তা লে. বদরুদ্দোজা জানান, ঘটনাটি জানার পর জেলেদের উদ্ধারের চেষ্টা চলছে।