সুন্দরবনে র্যাবের অভিযান, গুলিতে চারজন নিহত
সুন্দরবনে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) অভিযানে গুলিবিদ্ধ হয়ে চার ব্যক্তি নিহত হয়েছে। র্যাবের ভাষ্যমতে, অভিযানে বনদস্যু জুলফু বাহিনীর প্রধান জুলফিকার আলী মাতুব্বর ওরফে জুলফুসহ চারজন নিহত হয়। র্যাবের দাবি, সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জের বড় শেলার খাল এলাকায় গতকাল বুধবার সকালে এই ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে আটটি আগ্নেয়াস্ত্র ও ১৩৮টি গুলি উদ্ধার করা হয়েছে। আটক করা হয়েছে একটি ট্রলারসহ বিভিন্ন মালামাল। নিহত অন্য তিনজন হলেন: জুলফু বাহিনীর সদস্য হাফিজুর রহমান ওরফে হাফিজ, সানোয়ার হোসেন ওরফে সানো ও জাকির হোসেন ওরফে মেঘনা জাকির।অভিযানে অংশ নেওয়া র্যাব-৮-এর সহ-অধিনায়ক মেজর সাব্বিরের ভাষ্যমতে, গতকাল সকাল সাড়ে নয়টার দিকে সুপতি স্টেশনের বড় শেলা খালের মুখে র্যাব একটি ট্রলারকে চ্যালেঞ্জ করে। এ সময় ট্রলারে থাকা আট-দশজন বনদস্যু র্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে। র্যাবও পাল্টা গুলি চালালে দুই পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধ শুরু হয়। একপর্যায়ে দস্যুরা ট্রলার থেকে নেমে খালের পাড়ের বনে অবস্থান নিয়ে গুলি ছুড়তে থাকে। প্রায় দেড় ঘণ্টাব্যাপী বন্দুকযুদ্ধে উভয় পক্ষের মধ্যে ৬০০-এরও বেশি গুলিবিনিময় হয়। পরে দস্যুরা পিছু হটলে র্যাব সদস্যরা ঘটনাস্থল থেকে চার বনদস্যুর গুলিবিদ্ধ লাশ, আটটি আগ্নেয়াস্ত্র, গুলি ও অন্যান্য মালামাল উদ্ধার করে। স্থানীয় মৎস্যজীবীরা নিহত বনদস্যুদের লাশ শনাক্ত করেন। বন্দুকযুদ্ধে র্যাবের চার সদস্য আহত হন।মেজর সাব্বির জানান, গতকাল সন্ধ্যার দিকে শরণখোলা থানার পুলিশের একটি দল লাশগুলো নিয়ে শরণখোলার উদ্দেশে রওনা হয়েছে।সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, নিহত সানোয়ার সুন্দরবনের একটি ছোট দস্যু দলের প্রধান। হাফিজ নিহত জুলফিকারের সহযোগী এবং জাকির ভোলা উপকূলের একজন জলদস্যু। সে চর কুকড়ি মুকড়ি এলাকায় নিজ নামে জেলেদের কাছ থেকে চাঁদা আদায় করত। নিহত চারজন কেন এবং কীভাবে সুন্দরবনে একত্রিত হয়, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য জানা যায়নি।নিহত জুলফিকারের মামা ও মংলা উপজেলার চিলা ইউনিয়ন পরিষদের সদস্য নজরুল ইসলাম জানান, জুলফিকার এলাকায় কম আসত। পাঁচ-ছয় দিন আগে খুলনা শহরের চানমারী এলাকার নিজ বাড়ি থেকে সাদা পোশাকধারী একদল লোক জুলফিকারকে ধরে নিয়ে যায় বলে তিনি শুনেছেন। তবে এ ব্যাপারে তিনি বিস্তারিত কিছু জানেন না।শরণখোলা থানার উপপরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান গতকাল বিকেলে বলেন, ‘দুপুরের দিকে র্যাব-৮-এর বার্তা পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলের দিকে রওনা হয়।’ বাগেরহাটের পুলিশ সুপার (এসপি) খোন্দকার রফিকুল ইসলাম বলেন, নিহত বনদস্যু জুলফিকার পুলিশের তালিকাভুক্ত প্রথম সারির একজন বনদস্যু। তার বিরুদ্ধে মংলা ও শরণখোলা থানায় হত্যা, অপহরণ, চাঁদাবাজি ও অস্ত্র আইনে চারটি মামলা রয়েছে। নিহত সানোয়ার একটি ছোট দল নিয়ে সুন্দরবনে দস্যুবৃত্তিতে নিয়োজিত ছিল বলে পুলিশের কাছে তথ্য রয়েছে। বাগেরহাট জেলা পুলিশের তথ্য অনুযায়ী, জুলফিকারের নেতৃত্বে ৩০ থেকে ৪০ জন সদস্য রয়েছে। তাদের কাছে সাব মেশিন কারবাইন (এসএমসি), থ্রি নট থ্রি রাইফেল, পয়েন্ট টু টু বোর রাইফেল, একনলা ও দোনলা বন্দুকসহ বিভিন্ন ধরনের অর্ধশতাধিক অবৈধ অস্ত্র আছে।