সুন্দরবনে র্যাবের অভিযানে চারজন নিহত
সুন্দরবন পূর্ব বিভাগের বাগেরহাটের শরণখোলা রেঞ্জের ধঞ্চেবাড়িয়া এলাকায় গতকাল বৃহস্পতিবার র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-৮) অভিযানে চারজন নিহত হয়েছে।র্যাবের ভাষ্যমতে, প্রায় দুই ঘণ্টার বন্দুকযুদ্ধের পর বনদস্যু রাজু বাহিনীর চার সদস্যের লাশ পাওয়া যায় এবং বিপুল অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। নিহত ব্যক্তিদের নাম জানাতে পারেনি র্যাব। তাদের বয়স ৩০ থেকে ৪০ বছর।অভিযানে অংশ নেওয়া র্যাব-৮-এর সহঅধিনায়ক মেজর সাব্বির ওসমান ঘটনাস্থল থেকে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, সুন্দরবনের ধঞ্চেবাড়িয়া এলাকায় বনদস্যু রাজু বাহিনীর অবস্থানের সংবাদ জানতে পেরে তাদের আটক করতে র্যাবের তিনটি দল বুধবার রাতে ট্রলার নিয়ে ওই এলাকায় যায়। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে তারা একটি ট্রলারকে চ্যালেঞ্জ করলে সেখান থেকে র্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়া হয়। র্যাবও পাল্টা গুলি চালায়। দস্যুরা সুন্দরবনের ভোলা নদী দিয়ে বনের ভেতরে ঢুকেও থেমে থেমে র্যাবের ওপর গুলি চালায়। এ সময় উভয় পক্ষে অন্তত ৩৫০টি গুলিবিনিময় হয়।র্যাব কর্মকর্তা সাব্বির বলেন, একপর্যায়ে দস্যুরা পিছু হটলে বন তল্লাশি করে চার দস্যুর লাশ পাওয়া যায়। উদ্ধার করা হয় ছয়টি বিদেশি একনলা বন্দুক, মিয়ানমারে তৈরি পাঁচটি এলজি, যুক্তরাষ্ট্রে তৈরি একটি পিস্তল, পিস্তলের দুটি ও বন্দুকের ২৪টি গুলি, ১৫টি বন্দুকের গুলির খোসা, চারটি রামদা, দুটি চায়নিজ কুড়াল, একটি ট্রলার, এক লাখ টাকাসহ খাদ্যসামগ্রী।শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক কাশ্যবী বিকাশ চন্দ্র বলেন, গতকাল সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে পূর্ব সুন্দরবনের সুপতি স্টেশনে শরণখোলা থানার পুলিশের কাছে চারজনের লাশ ও উদ্ধার করা অস্ত্র, গুলি হস্তান্তর করে র্যাব। এ সময় বন বিভাগ ও কোস্টগার্ডের সদস্যরাও উপস্থিত ছিলেন।