সুন্দরবনে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ তিনজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুন্দরবনে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) গুলিতে তিন ব্যক্তি নিহত হয়েছেন। র‌্যাব বলেছে, নিহত তিনজন সুন্দরবনের বনদস্যু মোর্ত্তজা বাহিনীর সদস্য। তাঁদের ধরতে গিয়ে দুই পক্ষে ‘বন্দুকযুদ্ধ’ হয়। এ সময় তিনজন মারা যান। র‌্যাবের ভাষ্য অনুযায়ী, গতকাল মঙ্গলবার সকালে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের মৃগমারী খালে বন্দুকযুদ্ধের এ ঘটনা ঘটে। তাদের দাবি, ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে সাতটি দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র ও শতাধিক গুলি। এর মধ্যে রয়েছে একটি পিস্তল, একটি একনলা বন্দুক, একটি এয়ারগান ও চারটি এলজি। তিনজনের মধ্যে সেলিম হাওলাদার (৩৪) নামের একজনের পরিচয় পাওয়া গেছে। তাঁর বাড়ি বাগেরহাটের মংলা উপজেলার সুন্দরবন ইউনিয়নের বুড়বুড়িয়া গ্রামে। সেলিমের পরিবারের সদস্যরা বলেছেন, সেলিম বনদস্যু নন, সাধারণ জেলে। দুই মাস আগে তাঁকে কয়েকজন সাদা পোশাকধারী লোক তুলে নিয়ে যান। এর পর থেকে তিনি নিখোঁজ ছিলেন। র‌্যাব-৮-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফরিদুল আলম জানান, চাঁদপাই রেঞ্জ এলাকায় মোর্ত্তজা বাহিনীর সদস্যরা অবস্থান করছে—এই খবর পেয়ে র‌্যাবের দুটি দল ভোরে অভিযান চালায়। সকাল সাতটার দিকে র‌্যাব সদস্যরা মৃগমারী খালের তিন কিলোমিটার ভেতরে বনে দস্যুদের একটি আস্তানা চিহ্নিত করে তা ঘিরে ফেলেন। র‌্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে দস্যুরা গুলিবর্ষণ শুরু করে। র‌্যাব সদস্যরাও পাল্টা গুলি চালান। উভয় পক্ষে আধঘণ্টা বন্দুকযুদ্ধ হয়। দুই পক্ষে তিন শতাধিক গুলিবিনিময় হয়। একপর্যায়ে দস্যুরা পিছু হটে গভীর বনে পালিয়ে যায়। পরে জেলেদের নিয়ে ঘটনাস্থল তল্লাশি করে তিনজনের মৃতদেহ এবং ছড়িয়ে থাকা আগ্নেয়াস্ত্র ও গুলি পাওয়া যায়। জেলেরা সেলিমকে শনাক্ত করেন। অপর দুজনের পরিচয় জানার চেষ্টা চলছে। জেলা পুলিশ সুপার খন্দকার রফিকুল ইসলাম তিনজন নিহত ও আগ্নেয়াস্ত্র উদ্ধারের কথা নিশ্চিত করেছেন। ওই ঘটনায় র‌্যাব-৮-এর উপসহকারী পরিচালক মোজাফফর হোসেন বাদী হয়ে মংলা থানায় অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে হত্যা ও সরকারি কাজে বাধাদানের অভিযোগে পৃথক দুটি মামলা করেছেন।মংলা থানা পুলিশ গতকাল বিকেলে নিহত ব্যক্তিদের লাশ এনে বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠায়। ময়নাতদন্ত শেষে সেলিমের লাশ তাঁর চাচা মনিরুল ইসলামের কাছে হস্তান্তর করা হয়। নিহত অন্য দুজনের লাশ বাগেরহাট আঞ্জুমান মুফিদুল ইসলামের কাছে হস্তান্তর করা হয়েছে। হাসপাতালের একটি সূত্র জানায়, নিহত ব্যক্তিদের প্রত্যেকের শরীরে অন্তত তিনটি করে গুলির চিহ্ন পাওয়া গেছে। এসব গুলি পিঠের দিক থেকে ঢুকে বুক দিয়ে বের হয়ে গেছে। তবে হাসপাতালের জরুরি কর্তব্যে নিয়োজিত চিকিৎসক (ইএমও) আকরামুজ্জামান এ বিষয়ে কোনো কথা বলতে রাজি হননি। হাসপাতালের মর্গের সামনে বসে সেলিমের চাচা এই প্রতিবেদককে বলেন, সেলিম মংলা থানায় একটি ডাকাতি মামলায় জামিনে ছিলেন। এই অবস্থায় দুই মাস আগে কে বা কারা তাঁকে মংলার বৈদ্যমারী বাজার থেকে তুলে নিয়ে যায়। এর পর থেকে তিনি নিখোঁজ ছিলেন।