সুন্দরবনে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ৪
সুন্দরবনে র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে চারজন নিহত হয়েছে। র্যাবের দাবি, নিহতরা বনদস্যু রাজু বাহিনীর সদস্য। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে সুন্দরবন পূর্ব বিভাগের বাগেরহাটের শরণখোলা রেঞ্জের ধঞ্চেবাড়িয়া এলাকায় এই ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।র্যাব-৮-এর সহ-অধিনায়ক মেজর সাব্বির ওসমান ও পটুয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার নূরুজ্জামান ঘটনাস্থল থেকে দুপুরে মুঠোফোনে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে তাঁরা নিহত ব্যক্তিদের নাম জানাতে পারেননি।উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্রের মধ্যে ছয়টি বিদেশি একনলা বন্দুক, পাঁচটি এলজি, একটি বিদেশি পিস্তল, পিস্তলের দুটি গুলি, বন্দুকের ২৪টি গুলি ও ১৫টি গুলির খোসা। এ ছাড়াও ঘটনাস্থল থেকে চারটি রামদা, দুটি চাইনিজ কুড়াল, একটি ট্রলার, নগদ এক লাখ টাকা ও বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী উদ্ধার করা হয়।অভিযানে অংশ নেওয়া সাব্বির ওসমান মুঠোফোনে প্রথম আলো অনলাইনকে বলেন, ‘সুন্দরবনের ধঞ্চেবাড়িয়া এলাকায় একদল সশস্ত্র বনদস্যু অবস্থান করছে এমন খবরের ভিত্তিতে র্যাবের তিনটি দল ট্রলার নিয়ে তাঁদের আটক করতে গতকাল রাতে ওই এলাকায় যায়। আজ বেলা সাড়ে ১১টার দিকে র্যাব একটি ট্রলারকে চ্যালেঞ্জ করলে ট্রলার থেকে র্যাবকে লক্ষ্য করে গুলি ছোঁড়া হয়। র্যাবও পাল্টা গুলি চালায়। এ সময় উভয়পক্ষে অন্তত সাড়ে তিনশো গুলি বিনিময় হয়। এক পর্যায়ে দস্যুরা পিছু হটলে বনে তল্লাশি চালিয়ে আগ্নেয়াস্ত্র, ট্রলার ও মৃতদেহ উদ্ধার করা হয়। বাগেরহাটের শরনণখোলা থানার উপপরিদর্শক ইকবালের নেতৃত্বে পুলিশের একটি দল দুপুরে ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছেন। মৃতদেহ ও আগ্নেয়াস্ত্র শরণখোলা থানায় নিয়ে আসার প্রক্রিয়া চলছে।’