সুন্দরবনে ‘বন্দুকযুদ্ধে’ তিন বনদস্যু নিহত
সুন্দরবনে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-৮) একটি দলের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ অন্তত তিন বনদস্যু নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে সাতটি আগ্নেয়াস্ত্রসহ বিভিন্ন ধরনের শতাধিক গুলি। আজ মঙ্গলবার সকাল সাতটার দিকে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের মৃগমারী খালে এ ঘটনা ঘটে। র্যাবের ভাষ্য, নিহত ব্যক্তিরা সুন্দরবনের বনদস্যু মোর্তজা বাহিনীর সদস্য।নিহত ব্যক্তিদের মধ্যে সেলিম (৩৭) নামের একজনের পরিচয় নিশ্চিত করেছে র্যাব-৮। তাঁর বাড়ি বাগেরহাটের মংলা উপজেলার সুন্দরবন ইউনিয়নের বুড়বুড়িয়া গ্রামে। সকাল ১০টা পর্যন্ত নিহত অন্য দুজনের পরিচয় নিশ্চিত করতে পারেনি র্যাব।উদ্ধার করা আগ্নেয়াস্ত্রের মধ্যে রয়েছে একটি বিদেশি পিস্তল, একটি একনলা বন্দুক, একটি এয়ারগান ও চারটি এলজি। র্যাব-৮-এর অধিনায়ক লে. কর্নেল ফরিদুল আলম দাবি করেন, সুন্দরবনের চাঁদপাই রেঞ্জ এলাকায় মোর্তজা বাহিনীর সদস্যদের অবস্থানের খবর পেয়ে র্যাবের দুটি দল আজ ভোরে ওই এলাকায় অভিযান চালায়। সকাল সাতটার দিকে তারা মৃগমারী খালের তিন কিলোমিটার ভেতরে বনের মধ্যে দস্যুদের একটি আস্তানা শনাক্ত করেন। এরপর তারা আস্তানাটি ঘিরে ফেলে।র্যাবের উপস্থিতি টের পেয়ে দস্যুরা গুলি ছুড়তে শুরু করে। র্যাবও পাল্টা গুলি ছোড়ে। দুই পক্ষের মধ্যে প্রায় এক ঘণ্টা ‘বন্দুকযুদ্ধ’ হয়। এ সময় তিন শতাধিক গুলি বিনিময় হয়। একপর্যায়ে দস্যুরা পিছু হটে বনের ভেতরে পালিয়ে যায়। পরে স্থানীয় জেলেদের নিয়ে ঘটনাস্থলে তল্লাশি চালায় র্যাব। সেখান থেকে তিনজনের লাশ, বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার হয়। স্থানীয় জেলেরা নিহত ব্যক্তিদের মধ্যে সেলিমকে শনাক্ত করেন। অন্য দুজনের পরিচয় জানার চেষ্টা চলছে। র্যাবের উদ্ধৃতি দিয়ে বাগেরহাটের পুলিশ সুপার খন্দকার রফিকুল ইসলাম বন্দুকযুদ্ধে তিন বনদস্যু নিহত হওয়া, সাতটি আগ্নেয়াস্ত্র ও শতাধিক গুলি উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন। র্যাবকে সহযোগিতা করতে উপপরিদর্শক (এসআই) মঞ্জুর-ই এলাহীর নেতৃত্বে মংলা থানা পুলিশের একটি দল সুন্দরবনের জয়মণি এলাকার উদ্দেশে রওনা হয়েছে। সেখানে পুলিশের কাছে লাশ ও আগ্নেয়াস্ত্র হস্তান্তর করা হবে।