সুন্দরবনে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১, অস্ত্র উদ্ধার
সুন্দরবনে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-৮) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ জাকির হোসেন নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি ‘বনদস্যু’ ছোট বাহিনীর প্রধান বলে র্যাব দাবি করেছে। আজ মঙ্গলবার সকালে সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জের দুবলা ফরেস্ট অফিস-সংলগ্ন ভেদাখালী খাল এলাকায় ওই বন্দুকযুদ্ধ হয়েছে বলে র্যাব জানিয়েছে।র্যাব আরও জানিয়েছে, তারা ঘটনাস্থল থেকে ছয়টি বিদেশি আগ্নেয়াস্ত্র, ৪৩টি গুলি ও ১৩টি বন্দুকের গুলির খোসাসহ বিপুল পরিমাণ খাদ্যসামগ্রী উদ্ধার করেছে। আগ্নেয়াস্ত্রের মধ্যে রয়েছে একটি বিদেশি পিস্তল, একটি থ্রি নট থ্রি রাইফেল ও চারটি ওয়ান শ্যুটার গান, ১৯টি বন্দুকের, ২১টি পয়েন্ট বাইশ বোর রাইফেলের, তিনটি পিস্তলের তাজা গুলি ও ১৩টি বন্দুকের গুলির খোসা। র্যাব-৮-এর উপ-অধিনায়ক মেজর সাব্বির রহমান ওসমানী ঘটনাস্থল থেকে দুপুরে মুঠোফোনে প্রথম আলো ডটকমকে জানান, বনদস্যু জাকির বাহিনীর আনুমানিক ৩০ সদস্যের একটি দল ভেদাখালী খাল এলাকার বনে আস্তানা গেড়ে অবস্থান করছে—এমন খবরের ভিত্তিতে তাঁরা সেখানে অভিযান চালান।র্যাবের উপ-অধিনায়ক আরও জানান, তাঁদের (র্যাব) উপস্থিতি টের পেয়ে ‘বনদস্যুরা’ গুলি ছোড়া শুরু করে। এ সময় র্যাবও পাল্টা গুলি ছোড়ে। উভয় পক্ষে প্রায় ২০ মিনিট গোলাগুলির পর ‘বনদস্যুরা’ পিছু হটে। র্যাব জানায়, এরপরে গভীর বনে ঢুকে তারা ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে জাকিরের গুলিবিদ্ধ লাশ ও ছড়িয়ে থাকা আগ্নেয়াস্ত্র গুলি ও রসদ উদ্ধার করে।র্যাব জানায়, নিহত জাকির হোসেন ছোট খুলনার কয়রা উপজেলার খিরোল গ্রামের গফুর গাইনের ছেলে। তিনি বনদস্যু আমজাদ বাহিনীর সক্রিয় সদস্য ছিলেন। এক বছর আগে তিনি ২৫-৩০ জন দস্যুকে নিয়ে নিজ নামে একটি বাহিনী গড়ে তোলেন। গত নভেম্বর থেকে এ পর্যন্ত তিনি পূর্ব সুন্দরবনের হারবারিয়া, ফেয়ারওয়েবয়াসহ সংলগ্ন এলাকা থেকে বিভিন্ন সময়ে দুই শতাধিক জেলেকে অপহরণ এবং তাঁদের অধিকাংশের কাছ থেকে মুক্তিপণ আদায় করেন। শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ আজ দুপুরে প্রথম আলো ডটকমকে জানান, বন্দুকযুদ্ধের খবর পেয়ে উপপরিদর্শক নজরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়েছে।