সুন্দরবনের আগুন নিভেছে, তদন্ত কমিটি গঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পূর্ব সুন্দরবনের গুলিশাখালী ক্যাম্পসংলগ্ন পয়ষট্টিছিলায় গত শনিবার বিকেলে জ্বলে ওঠা আগুন দুই দিনব্যাপী চেষ্টার পর আজ সোমবার সকালে নিয়ন্ত্রণে এসেছে। আগুন সম্পূর্ণ নিভে গেছে বলে বন বিভাগ জানিয়েছে।তার পরও বাড়তি সতর্কতা হিসেবে বনকর্মী ও ফায়ার সার্ভিসের কর্মীরা সকাল থেকে স্থানীয় শ্রমিকদের নিয়ে সেখানে পানি দিচ্ছে। তবে আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতি সম্পর্কে বন বিভাগ এখনো কিছু জানাতে পারেনি। ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে।সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মিহির কুমার দে আজ সকালে জানান, আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ নিরূপণে সুন্দরবন পূর্ব বিভাগের সদর সার্কেলের সহকারী বন সংরক্ষক মো. গোলাম কুদ্দুস ভূঁইয়াকে প্রধান করে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য দুই সদস্য হলেন চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক মো. শাহাবুদ্দিন আহমেদ এবং শরণখোলা রেঞ্জের ধানসাগর স্টেশন কর্মকর্তা আবদুল মালেক। এই কমিটিকে আগামী সাত দিনের মধ্যে ঘটনা তদন্ত করে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।সুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক মো. শাহাবুদ্দিন আহমেদ আজ ঘটনাস্থল থেকে মুঠোফোনে জানান, আগুন সম্পূর্ণ নিভে গেছে। কোথাও ধোঁয়া দেখা যাচ্ছে না। তবে বাড়তি সতর্কতা হিসেবে ক্ষতিগ্রস্ত এলাকায় পানি ছিটানো হচ্ছে। আজ সারা দিন পানি ছিটানোর কাজ চলবে।