সুন্দরবনের আগুন নেভানোর চেষ্টা চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুন্দরবনে আবার আগুন লেগেছে। গতকাল মঙ্গলবার বিকেলে বনকর্মীরা সুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশনের নাংলি ক্যাম্পের অন্তর্গত ২৫ নম্বর কম্পার্টমেন্ট এলাকায় বনের ভেতর এ আগুন জ্বলতে দেখতে পায়। আজ বুধবার দুপুরে এই প্রতিবেদন লেখা পর্যন্ত সেখানে আগুন জ্বলছিল। বনকর্মীরা দমকল বিভাগ ও স্থানীয় শ্রমিকদের সহযোগিতায় আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছেন। তবে আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বন বিভাগ এখনো কিছু জানাতে পারেনি।সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মিহির কুমার দো ঘটনাস্থল থেকে মুঠোফোনে আজ দুপুরে এ প্রতিবেদককে জানান, প্রায় তিন একর জায়গা জুড়ে মাটির নিচে থেকে বিক্ষিপ্তভাবে আগুন জ্বলছে। দমকলকর্মীদের সহযোগিতায় বনকর্মীরা স্থানীয় শ্রমিক নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে যাচ্ছেন। তিনি এ বিষয়ে বিস্তারিত আর কিছু জানাতে রাজি হননি। এর আগে ২০১০ সালের ২০ মার্চ চাঁদপাই রেঞ্জের গুলিশাখালী ক্যাম্পসংলগ্ন পঁয়ষট্টিছিলায় আগুন লেগেছিল। ঘটনার দুই দিন পর ২৩ মার্চ সেই আগুন নেভানো সম্ভব হয়। সে সময় প্রায় পাঁচ একর বনের বিভিন্ন প্রজাতির গাছ পুড়ে যায়।