সুন্দরবনের কার্বন বিক্রি হবে আন্তর্জাতিক বাজারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদ্যমান বন সংরক্ষণ করা ও ধ্বংস হওয়া বনাঞ্চলে পুনর্বনায়নের মাধ্যমে আন্তর্জাতিক বিভিন্ন তহবিল থেকে অর্থ সংগ্রহের কার্যক্রম শুরু করছে বাংলাদেশ। বনের কার্বন ধরে রাখার ক্ষমতা তুলে ধরে যুক্তরাষ্ট্রের শিকাগো কার্বন স্টক মার্কেট ও জাতিসংঘ থেকে প্রাথমিকভাবে এই অর্থ সংগ্রহ শুরু করা হবে। এ জন্য একটি আন্তর্জাতিক ব্রোকার হাউসকে নিয়োগ দেবে সরকার। এই কার্বন-বাণিজ্যের জন্য প্রাথমিকভাবে সুন্দরবন এবং পর্যায়ক্রমে আরও ১১টি বনের কার্বন ধারণক্ষমতাকে আন্তর্জাতিক বাজারে বিক্রির পরিকল্পনা করা হয়েছে। এ ব্যাপারে যুক্তরাষ্ট্রের বৈদেশিকবিষয়ক উন্নয়ন সংস্থা ইউএসএআইডি বাংলাদেশের পরিবেশ ও বন মন্ত্রণালয়কে সহায়তা করবে। জাতিসংঘের আওতায় ১৯৯৭ সালে স্বাক্ষরিত কিয়োটো প্রটোকল অনুযায়ী কোনো উন্নয়নশীল দেশ যদি তার বনজসম্পদ সংরক্ষণ এবং ধ্বংস হয়ে যাওয়া বনাঞ্চলে পুনর্বনায়ন করে, তাহলে শিল্পোন্নত দেশগুলো থেকে আর্থিক সহায়তা পাবে। কার্বন-বাণিজ্যের আওতাধীন বনগুলোর কার্বন ধারণক্ষমতা অনুযায়ী আর্থিক সহায়তা পাওয়া যাবে। এর পরিবর্তে সহায়তাদানকারী দেশগুলো তাদের শিল্পকারখানা থেকে সংশ্লিষ্ট বনসমূহে ধারণকৃত কার্বনের সমপরিমাণ অতিরিক্ত কার্বন নিঃসরণ করতে পারবে। বাংলাদেশ এই প্রথম বন সংরক্ষণ ও নতুন বনায়নের মাধ্যমে কার্বন তহবিল থেকে অর্থ সংগ্রহে এই ধরনের উদ্যোগ নিয়েছে। বর্তমানে ভারত, ব্রাজিল, নেপালসহ বেশ কিছু দেশ আন্তর্জাতিক বিভিন্ন কার্বন তহবিল থেকে এই খাতে অর্থ পাচ্ছে। আন্তর্জাতিক কার্বন বাজারে অংশগ্রহণের জন্য সুন্দরবনের জীবিত-মৃত সব ধরনের গাছ, লতাপাতা ও মাটিতে কার্বন ধরে রাখার ক্ষমতা সম্পর্কে একটি জরিপ সম্প্রতি শেষ হয়েছে। যুক্তরাষ্ট্রের কারিগরি সহায়তায় এই জরিপ করা হয়েছে। পরিবেশ ও বন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, জরিপ শেষে এখন সুন্দরবনের ধারণকৃত মোট কার্বনের পরিমাণ হিসাব করা ও পর্যালোচনার কাজ চলেছে। এই কাজ শেষ হওয়ার পর এ বছরই শিকাগোর কার্বন স্টক মার্কেটে নিবন্ধন করানো হবে। এ ছাড়া জাতিসংঘের আওতায় তৈরি ‘বনায়নের মাধ্যমে কার্বন নিঃসরণ কমানো’ বা ‘রিডিউসিং এমিসন ফ্রম ডিফরেস্টেশন অ্যান্ড ফরেস্ট ডিগ্রেডেশন (রিড)’ তহবিল থেকেও অর্থ সংগ্রহের উদ্যোগ নেওয়া হবে। ‘রিড’ কর্মসূচির জন্য জাতিসংঘ ৭৪ কোটি তিন লাখ ৭৪ হাজার মার্কিন ডলারের একটি তহবিল গঠনের উদ্যোগ নিয়েছে বলে জানা গেছে। বাংলাদেশ এই তহবিল থেকে অর্থ সংগ্রহের চেষ্টা করছে। বিষয়টি সম্পর্কে জানতে চাইলে পরিবেশ ও বন প্রতিমন্ত্রী হাছান মাহমুদ প্রথম আলোকে বলেন, সুন্দরবনের প্রাকৃতিক সম্পদ অটুট রেখেই এর ধারণকৃত কার্বন আন্তর্জাতিক বাজারে বিক্রি করা হবে। এ থেকে যে টাকা পাওয়া যাবে, তার একটা বড় অংশ সুন্দরবন রক্ষাকারী স্থানীয় মানুষকে দেওয়া হবে। ইউএসএআইডির পরিবেশ বিভাগের পরিচালক আজহারুল মজুমদার প্রথম আলোকে বলেন, সুন্দরবনের প্রাথমিক তথ্য-উপাত্ত সংগ্রহের পর তা পর্যালোচনা চলছে। এ কাজে যুক্তরাষ্ট্র থেকে বিশেষজ্ঞ ও আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। কার্বন-বাণিজ্য কী: ‘ম্যাকমিলান ডিকশনারি’ অনুযায়ী এটি এমন এক প্রক্রিয়া, যা একটি কোম্পানি বা দেশের যে পরিমাণ কার্বন নিঃসরণ করার কথা, তার অতিরিক্ত কার্বন নিঃসরণ অনুমোদন করে। এর পরিবর্তে যথেষ্ট পরিমাণে কার্বন নিঃসরণ করে না, এমন কোনো দেশ থেকে ওই কোম্পানি বা দেশগুলো তাদের অতিরিক্ত নিঃসৃত কার্বনের সমপরিমাণ কার্বন কিনে নেয়। যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা সংস্থা পিউ সেন্টার যুক্তরাষ্ট্রের বনজসম্পদের কার্বন ধরে রাখার ক্ষমতা সম্পর্কে একটি গবেষণা করেছে। ‘দি কস্ট অব ইউএস ফরেস্ট বেজ কার্বন সিকোয়েস্টেশন’ শীর্ষক ওই গবেষণায় বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের মোট বনজসম্পদ বছরে ৫০০ মিলিয়ন টন কার্বন ধরে রাখে। বনের ধরনভেদে প্রতি একর বনভূমিতে বছরে দশমিক ৮০ থেকে সাড়ে চার টন কার্বন ধরে রাখার ক্ষমতা রয়েছে। কীভাবে কার্বন নির্ধারণ: কোনো বনের কার্বন ধরে রাখার ক্ষমতা নির্ধারণের জন্য বনটিতে নিবিড় জরিপ চালাতে হয়। এই জরিপের মাধ্যমে বনটিতে কত প্রজাতির গাছপালা, লতাগুল্ম রয়েছে; বনাঞ্চলের মাটির প্রকৃতি কী—এসব বিষয়ে বিস্তারিত বৈজ্ঞানিক তথ্যাদি সংগ্রহ করতে হয়। এরপর যে প্রজাতির গাছপালা-লতাগুল্মের এবং যে শ্রেণীর মাটির যে পরিমাণ কার্বন ধরে রাখার ক্ষমতা, তা হিসাব করে বনটির মোট কার্বন ধরে রাখার ক্ষমতা হিসাব করে বের করা হয়।এভাবে কোনো বনের কার্বন ধরে রাখার বর্তমান ক্ষমতা বের করার পর হিসাব করতে হয় ভবিষ্যতের। অর্থাৎ একটি নির্দিষ্ট সময় পর বনটির কার্বন ধরে রাখার ক্ষমতা কত হবে, তাও হিসাব করতে হয়। এসব হিসাব-নিকাশে বৈজ্ঞানিক পদ্ধতি ব্যবহার করা হয়।আরও ১১টি বন: আগামী দুই বছরের মধ্যে পর্যায়ক্রমে দেশের আরও ১১টি বনকে কার্বন-বাণিজ্যের আওতায় নিয়ে আসা হবে বলে জানা গেছে। এর মধ্যে থাকবে হবিগঞ্জের রেমা-কালেঙ্গার এক হাজার ৭৮৯ হেক্টর; কক্সবাজারের চকরিয়ার ফাসিয়াখালীর এক হাজার ৩০২ হেক্টর; রাজঘাট ও মেধাকাচাপিয়ার ৩৯৬ হেক্টর; চট্টগ্রামের সীতাকুণ্ড সংরক্ষিত বনের ৮০৮ ও দুধপুকুরিয়া জাতীয় উদ্যানের সাড়ে তিন হাজার হেক্টর; মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় উদ্যানের এক হাজার ২৫০ হেক্টর; হবিগঞ্জের সাতছড়ি জাতীয় উদ্যানের ২৪৩ হেক্টর; সিলেটের খাদিমনগর জাতীয় উদ্যানের ৬৭৯ হেক্টর; টাঙ্গাইলের মধুপুর জাতীয় উদ্যানের আট হাজার ৪৩৬ হেক্টর; গাজীপুরের ভাওয়াল জাতীয় উদ্যানের পাঁচ হাজার ২২ হেক্টর এবং চট্টগ্রামের কাপ্তাই জাতীয় উদ্যানের পাঁচ হাজার ৪৬৪ হেক্টর বন। যুক্তরাষ্ট্রের বৈদেশিকবিষয়ক উন্নয়ন সংস্থা ইউএসএআইডির আর্থিক সহায়তায় সমন্বিত রক্ষিত এলাকা সহব্যবস্থাপনা (আইপ্যাক) নামের একটি প্রকল্পের আওতায় পরিবেশ ও বন মন্ত্রণালয়ের অধীন বন বিভাগ কার্বন-বাণিজ্যের এসব কার্যক্রম শুরু করেছে। সরকারের পরিকল্পনা অনুযায়ী কার্বন-বাণিজ্যের মাধ্যমে যে অর্থ পাওয়া যাবে, তার অর্ধেক দেওয়া হবে বন সংরক্ষণের দায়িত্বে নিয়োজিত স্থানীয় জনগোষ্ঠীকে। এ ব্যাপারে একটি নীতিমালা তৈরির কাজও চলছে বলে মন্ত্রণালয় সূত্র জানিয়েছে।