সুন্দরবনের ক্ষতি হয় এমন কিছু করবে না কোনো দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেঙ্গল টাইগারের অন্যতম প্রধান আবাসস্থল সুন্দরবনের জীববৈচিত্র্য ও প্রতিবেশের ক্ষতি হয় এমন কোনো কাজ করবে না বাংলাদেশ ও ভারত। সুন্দরবনের অংশীদার এই দুই রাষ্ট্রের মধ্যে যে সমঝোতা স্মারকটি (এমওইউ) স্বাক্ষরিত হওয়ার প্রস্তুতি চলছে, তাতে এই শর্তটি রয়েছে। সমঝোতা স্মারকের মধ্যে রয়েছে বাঘ বিষয়ে গবেষণা, শিক্ষা, তথ্য বিনিময়সহ বিভিন্ন বিষয়ে সহযোগিতা। ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের বাংলাদেশ সফরের সময় পাঁচটি ধারা ও পাঁচটি উপধারাসংবলিত ‘সুন্দরবন সংরক্ষণ’ শীর্ষক একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে বলে আশা করা হচ্ছে। স্মারকটির খসড়া আজ রোববার চূড়ান্ত হতে পারে বলে জানা গেছে। পরিবেশ ও বন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ২০১০ সাল থেকে শুরু হওয়া আলোচনার পরিণতি হিসেবে এই চুক্তি স্বাক্ষরের ব্যাপারে প্রায় সব প্রস্তুতি শেষ করে এনেছে সরকার। শুরুতে বাঘ রক্ষায় দুই দেশের মধ্যে প্রটোকল স্বাক্ষরের কথা থাকলেও আলোচনার মাধ্যমে এ সিদ্ধান্ত বদলে সমঝোতা স্মারক স্বাক্ষরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সচিব মেছবাহ-উল-আলম এ ব্যাপারে প্রথম আলোকে বলেন, আপাতত সুন্দরবন নিয়ে প্রটোকল হচ্ছে না। সমঝোতা স্মারকের খসড়া চূড়ান্ত হয়েছে। ভারতের দিক থেকেও এ ব্যাপারে সম্মতি পাওয়া গেছে। ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের বাংলাদেশ সফরের সময় তা স্বাক্ষরিত হবে। সমঝোতা স্মারকে যা থাকছে: সমঝোতা স্মারকে বলা হয়েছে, বাংলাদেশ ও ভারতের বিজ্ঞানীরা যৌথভাবে বেঙ্গল টাইগারের ওপর গবেষণা করবেন। তাঁরা বাঘবিষয়ক তথ্যব্যবস্থা গড়ে তুলবেন। দুই দেশ বাঘবিষয়ক উচ্চশিক্ষা বিনিময় করবে। চোরা শিকারিদের হাতে বাঘ হত্যা ও বাঘের অঙ্গ-প্রত্যঙ্গ পাচার রোধে ভারত ও বাংলাদেশ বনের নিজ নিজ দেশের অংশে টহল দেবে। বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ও ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের আলোচনায় বাঘের বিষয়টি অন্তর্ভুক্ত করা হবে। ভারতের দিক থেকে প্রস্তাব করা হয়েছিল, দুই দেশের নিরাপত্তা বাহিনী যৌথভাবে সুন্দরবনে টহল দেবে। কিন্তু বাংলাদেশ এ প্রস্তাবে রাজি না হওয়ায় শেষ পর্যন্ত দুই দেশ যার যার নিরাপত্তা বাহিনীর আলাদাভাবে টহলের ব্যাপারে একমত হয়। স্মারকে বলা হয়েছে, বাংলাদেশ ও ভারত নিজ দেশের সুন্দরবন অংশে এমন কোনো তৎপরতা চালাবে না, যা সামগ্রিকভাবে বনের জীববৈচিত্র্য ও প্রতিবেশব্যবস্থার ওপর নেতিবাচক প্রভাব ফেলবে। ভারতের দেরাদুনের বন্য প্রাণীবিষয়ক গবেষণা প্রতিষ্ঠানের ডিপ্লোমা প্রশিক্ষণ কোর্সে বাংলাদেশিদের জন্য চারটি আসন সংরক্ষিত থাকবে। সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত মানুষের ক্ষয়ক্ষতি নিরূপণে ভারত ও বাংলাদেশ মিলে একটি বিশেষ কমিটি করবে। যদি প্রয়োজন হয়, এই কমিটি সুন্দরবনের দুই অংশের অভিজ্ঞতা বিনিময় করবে। দুই দেশের সুন্দরবনসংলগ্ন অংশের বন কর্মকর্তা ও সীমান্তরক্ষী বাহিনীর দায়িত্বশীল কর্মকর্তারা নিয়মিত ত্রৈমাসিক সভা করবেন। তাঁরা সুন্দরবন ও বেঙ্গল টাইগার ব্যবস্থাপনা কৌশলের ক্ষেত্রে একই নিয়ম ও পদ্ধতি উদ্ভাবনের লক্ষ্যে কাজ করবেন। এ শর্তগুলো পালিত হচ্ছে কি না, তা তদারকের জন্য দুই দেশের মন্ত্রী পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হবে। বাঘ গবেষক ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক মনিরুল খান এ ব্যাপারে প্রথম আলোকে বলেন, ‘সুন্দরবনের ক্ষতি হবে না বলতে কী বোঝানো হয়েছে এবং কীভাবে তা নির্ধারণ করা হবে, সমঝোতা স্মারকে সে ব্যাপারে ধারা থাকা উচিত। এমন কোনো প্রক্রিয়া থাকা উচিত, যার মাধ্যমে দুই দেশের বিশেষজ্ঞরা ক্ষতির ধরন এবং শর্ত পূরণের ব্যাপারে আলোচনা করে সিদ্ধান্ত নিতে পারেন।’ প্রেক্ষাপট: কূটনৈতিক সূত্রে জানা যায়, ২০১০ সালের নভেম্বরে রাশিয়ায় অনুষ্ঠিত হওয়া বিশ্ব বাঘ সম্মেলনে ভারতের তৎকালীন পরিবেশমন্ত্রী জয়রাম রমেশ বেঙ্গল টাইগার রক্ষায় বাংলাদেশ ও ভারতের মধ্যে একটি প্রটোকল স্বাক্ষরের প্রস্তাব দেন। গত বছরের ডিসেম্বরে বাংলাদেশের বন বিভাগ থেকে প্রটোকলের একটি খসড়া তৈরি করে ভারতে পাঠানো হয়। দুই দেশের বন বিভাগ ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে পাঁচ দফা চিঠি চালাচালির পর শেষ পর্যন্ত সমঝোতা স্মারকের শর্তগুলোর ব্যাপারে দুই দেশ একমত হয়। আলোচনার মধ্য দিয়ে ঠিক হয়, শুধু বাঘ নয়, পুরো সুন্দরবন রক্ষায় চুক্তি হবে। এ প্রক্রিয়ার অংশ হিসেবে আপাতত একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে।