সুন্দরবনের কয়েকটি গ্রামে বাঘ-আতঙ্ক
সুন্দরবনের কাছে গোলাখালি গ্রামে আবার বাঘ হানা দিয়েছে। বাঘের হাত থেকে দুজন গ্রামবাসী বেঁচে গেলেও ওই গ্রাম ও আশপাশের সাত-আটটি গ্রামের মানুষ চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে।জানা গেছে, বন বিভাগ অথবা টাইগার রেসপনস টিমের সদস্যদের চোখ ফাঁকি দিয়ে এর মধ্যেই বাঘ কয়েকটি ছাগল ধরে নিয়ে গেছে। বাঘের উপদ্রবে রাতে অনেকেই প্রাকৃতিক কাজ সারছেন ঘরে। দিনেও চলাচল করতে হচ্ছে সাবধানে। অনেকেই ভাবছেন গ্রাম ছেড়ে দেওয়ার কথা। এ অবস্থায় বন বিভাগের পক্ষ থেকে গোলখালি গ্রামসংলগ্ন সুন্দরবনের দুই কিলোমিটার এলাকায় তারের কাঁটার বেড়া দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।পশ্চিম সুন্দরবন-সংলগ্ন গোলাখালি গ্রামের জমির উদ্দিন ও আবদুল সোবহান জানান, প্রায় এক মাস ধরে প্রতিদিন সুন্দরবন ও গোলাখালি গ্রামকে বিভক্ত করা খাল পার হয়ে বাঘ গ্রামে ঢুকছে। বাঘ বিভিন্ন সময় গ্রামবাসীর এক ডজন ছাগল ধরে নিয়ে গেছে।আজ সোমবার গ্রামের প্রিয়তোষ বিশ্বাস ও বিকাশ গায়েন একসঙ্গে হাঁটতে হাঁটতে তাঁদের চিংড়িঘেরে যাচ্ছিলেন। ঘেরের কাছে যেতেই একটি বাঘ তাঁদের ওপর আক্রমণ করে। ভয়ে তাঁরাও ঘেরের মধ্যে ঝাঁপ দিয়ে চিত্কার শুরু করে। এ সময় পাশের চিংড়িঘের থেকে শ্রমিকেরা লাঠি হাতে হল্লা দিলে বাঘটি থমকে দাঁড়ায়। শিকার হাতছাড়া হওয়ায় বাঘটি বনে ফিরে যায়। পরে গ্রামবাসী ও বন বিভাগের সদস্যরা পটকা ফুটিয়ে বিভিন্ন শব্দ করেন। গ্রামবাসী আরও জানায়, শুধু গোলাখালি নয় মীরগাং, যতীন্দ্রনগর, হরিনগর, কদমতলাসহ ৮-১০ গ্রাম চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে।পশ্চিম সুন্দরবনের কৈখালী স্টেশন কর্মকর্তা মোনায়েম হোসেন ঘটনা নিশ্চিত করে জানান, বন আর গ্রাম একসঙ্গে মিশে যাওয়ায় গোলাখালিতে বাঘের চলাচল বন্ধ করা কঠিন হয়ে পড়েছে। তবে বন বিভাগ ও টাইগার রেসপনস টিমের সদস্যরা সব সময় সেখানে পাহারা দিচ্ছেন। গ্রামবাসীকে সজাগ থাকার পরামর্শ দেওয়া হয়েছে।পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক মো. তৌফিকুল ইসলাম জানান, পাহারা জোরদারের পাশাপাশি ওই এলাকার দুই কিলোমিটার কাঁটাতারের বেড়া দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।