সুন্দরবনের গাছ দিয়ে তৈরি ৪৫০ বস্তা কয়লা আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটের রামপাল থানা পুলিশ সুন্দরবন থেকে অবৈধভাবে কেটে আনা সুন্দরীসহ বিভিন্ন প্রজাতির গাছ দিয়ে তৈরি সাড়ে ৪০০ বস্তা কয়লাসহ দুজনকে ৭ নভেম্বর আটক করেছে। রামপাল থানার ঘাটসংলগ্ন মংলা নদী থেকে ট্রলার বোঝাই এই কয়লা আটক করা হয়। সুন্দরবনসংলগ্ন বাগেরহাটের শরণখোলা ও পিরোজপুর জেলার মঠবাড়িয়া থেকে নৌপথে এসব কয়লা বিক্রির জন্য খুলনায় নেওয়া হচ্ছিল। এ ঘটনায় রামপাল থানায় বন আইনে একটি মামলা হয়েছে। আটক ব্যক্তিদের ৮ নভেম্বর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।আটক ব্যক্তিরা হলেন বাগেরহাট জেলার শরণখোলা উপজেলার খোন্তাকাটা গ্রামের জাহাঙ্গীর হাওলাদার (৫৮) ও মোরেলগঞ্জ উপজেলার পূর্ব সরালিয়া গ্রামের হেলাল উদ্দিন শেখ (৩০)। তাঁরা নিজেদের ট্রলারচালক হিসেবে পরিচয় দিয়ে পুলিশের কাছে আটক কয়লার চারজন মালিকের নাম প্রকাশ করেছেন। রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নিজাম উদ্দিন হাওলাদার জানান, মংলা নদী থেকে ৭ নভেম্বর রাতে এই কয়লা আটক করা হয়। বাগেরহাটের সুন্দরবনসংলগ্ন লোকালয়ের কিছু সংঘবদ্ধ চক্র অবৈধভাবে সুন্দরবন থেকে বিভিন্ন প্রজাতির গাছ কেটে এনে কয়লা বানিয়ে দেশের বিভিন্ন স্থানে বাজারজাত করছে। এ ঘটনায় রামপাল থানার উপপরিদর্শক মফিদুর রহমান বাদী হয়ে আটক দুজনসহ ছয়জনকে আসামি করে বন আইনে একটি মামলা করেছেন। আটক কয়লার বাজার মূল্য প্রায় দেড় লাখ টাকা।