সুন্দরবনের ডলফিন বসতি বদলাচ্ছে
সুন্দরবন এলাকার ডলফিন বসতি বদলাতে শুরু করেছে। বঙ্গোপসাগর উপকূলের লবণাক্ত পানিতে বসবাসকারী গোলাপি ও পাখাবিহীন প্রজাতির ডলফিন সুন্দরবনের ভেতরের নদীগুলোতে বসতি গড়তে শুরু করেছে। আর সুন্দরবনের ভেতরের নদীগুলোর ডলফিন আরও উত্তর দিকে চলে যাচ্ছে। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কভিত্তিক সংস্থা ওয়াইল্ডলাইফ কনজারভেশন সোসাইটির (ডব্লিউসিএস) সাম্প্রতিক জরিপে এটা দেখা গেছে। জরিপ প্রতিবেদনে বলা হচ্ছে, কিছুটা বড় আকৃতির গোলাপি ও পাখাবিহীন ডলফিনের দল নদীতে আসায় অন্য ডলফিনগুলোর বিপত্তি বেড়েছে।সুন্দরবনের নদীগুলোতে আগে থেকেই দুই ধরনের ডলফিন বাস করে। পুরোনো এই বাসিন্দারা গাঙ্গেয় ও ইরাবতী ডলফিন নামে পরিচিত। অপেক্ষাকৃত শক্তিশালী ডলফিনের সঙ্গে প্রতিযোগিতায় টিকতে না পেরে তারা সুন্দরবনের বাইরে মানববসতি এলাকার কাছাকাছি চলে আসতে শুরু করেছে। সরকারের বন বিভাগ, খুলনা বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সহায়তায় ডব্লিউসিএস অক্টোবর মাসে এই জরিপ চালায়। জরিপে দেখা গেছে, সুন্দরবনের ভেতরে ১২৮টি স্থানে ডলফিন বেশি চলাচল করে। সংস্থাটি বলছে, কোনো একটি নির্দিষ্ট স্থানে এত বেশিসংখ্যক ডলফিনের বসতি পৃথিবীর আর কোথাও নেই। সুন্দরবন বহু দিন থেকে এই রেকর্ডটি ধরে রেখেছে। ডব্লিউসিএস ২০০০ সাল থেকে ধারাবাহিকভাবে ডলফিনের জরিপ করে আসছে। সংস্থাটির ২০০৪ সালের জরিপে দেখা গিয়েছিল, উপকূলসহ সারা দেশে প্রায় পাঁচ হাজার ডলফিন বাস করে। এটি বিশ্বের কোনো একটি দেশে সর্বোচ্চসংখ্যক ডলফিনের বসবাস।বঙ্গোপসাগর এবং সুন্দরবনের ভেতরের নদীগুলোর পানিতে লবণাক্ততার পার্থক্য সামান্য। তবে সুন্দরবনের মধ্যে নদীতে ডলফিনের খাদ্য বেশি। উপকূলের ডলফিন নদীতে এসে বসতি স্থাপন করাকে সুন্দরবন এলাকায় লবণাক্ততা বেড়ে যাওয়ার ইঙ্গিত হিসেবে মনে করছেন ডব্লিউসিএসের গবেষকেরা। গবেষকেরা বলছেন, জেলে ও চোরা শিকারিদের কারণে ইরাবতী ও গাঙ্গেয় ডলফিনের সংখ্যা কমে আসছে। সুন্দরবনের ভেতরের দিকে অবস্থান করায় মানুষ তাদের খোঁজ কমই পেত। কিন্তু মানববসতি এলাকার আশপাশে চলে এলে জেলে ও শিকারিদের উৎপাত আরও বাড়ার আশঙ্কা রয়েছে। কেননা, সুন্দরবনসংলগ্ন পশুর, শিবসা, কপোতাক্ষ, নলীয়ানসহ বেশির ভাগ নদীতে জেলেরা মাছ শিকার করেন। এই এলাকায় ডলফিন চলে এলে তা জেলেদের শিকারে পরিণত হবে। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আইনুন নিশাত এ ব্যাপারে প্রথম আলোকে বলেন, ‘এত দিন ধরে আমরা বলে আসছিলাম, সুন্দরবন এলাকায় লবণাক্ততার পরিমাণ বাড়ছে। এই সমীক্ষার মধ্য দিয়ে তা প্রমাণিত হলো।’ তিনি বলেন, সুন্দরবনের প্রতিবেশ-ব্যবস্থায় আরও কী পরিবর্তন হচ্ছে, তা নিয়ে বিস্তারিত গবেষণা হওয়া দরকার। পরিবর্তিত পরিস্থিতির কথা মাথায় রেখে পরিকল্পিত ব্যবস্থাপনার পরামর্শ দেন আইনুন নিশাত। খাদ্য সংগ্রহের ক্ষেত্রে গাঙ্গেয় ও ইরাবতী ডলফিনের চেয়ে গোলাপি ও পাখাবিহীন ডলফিন বেশি দক্ষ/আগ্রাসী। এরা নদীতে এসে বসতি গড়লে ইরাবতী ও গাঙ্গেয় ডলফিনের খাদ্যসংকট দেখা দিতে পারে। ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচার (আইইউসিএন) অতিবিপন্ন প্রাণীর যে তালিকা করেছে, তাতে গাঙ্গেয় ও ইরাবতী ডলফিনের নাম আছে। নতুন ডলফিনের কারণে এরা সুন্দরবনের উত্তর দিকের নদীগুলোতে চলে আসতে পারে। সুন্দরবনের উত্তরে মানববসতি।ডব্লিউসিএসের প্রধান গবেষক রুবাইয়াৎ মনসুর প্রথম আলোকে বলেন, এত দিন গাঙ্গেয় ও ইরাবতী ডলফিনের প্রধান বিপদ ছিল মানুষ। এখন লবণাক্ততা বৃদ্ধিও নতুন বিপদ হিসেবে যোগ হলো। তিনি বলেন, সুন্দরবনের দুধমুখী, চাঁদপাই ও ঢাইঙ্গমারী এলাকা গাঙ্গেয় ও ইরাবতী ডলফিন বসবাসের উপযুক্ত জায়গা। এসব এলাকাকে ডলফিনের অভয়ারণ্য হিসেবে ঘোষণা করলে বিপন্ন এই প্রজাতিটি রক্ষা করা হয়তো সম্ভব হবে। ডব্লিউসিএসের গবেষণায় দেখা গেছে, গোলাপি ও পাখাবিহীন ডলফিন গড়ে ২৫ থেকে ২৮ পিপিটি মাত্রার লবণাক্ততা সহ্য করতে পারে। এরা গড়ে আড়াই থেকে তিন ফুট লম্বা। আর গাঙ্গেয় ও ইরাবতী ডলফিন মিষ্টি পানি থেকে শুরু করে দু-তিন পিপিটি পর্যন্ত লবণাক্ততা সহ্য করতে পারে। এরা গড়ে দুই থেকে আড়াই ফুট লম্বা। ছোট মাছ খাওয়ার ক্ষেত্রে বড় ডলফিনগুলো প্রতিযোগিতায় এগিয়ে থাকে।গাঙ্গেয় ডলফিন মিষ্টি পানিতে বসবাস করতে পারে বলে এদের দেশের বেশির ভাগ নদীতে দেখা যায়। এমনকি বুড়িগঙ্গা নদীতেও মাঝেমধ্যে দেখা যায়। ইরাবতী ডলফিন এক সময় মিয়ানমারের ইরাবতী নদীতে বেশি থাকত। কিন্তু সেখানকার পানিতে লবণাক্ততা বেড়ে যাওয়ায় তারা বসতি পরিবর্তন করেছিল। ডব্লিউসিএসের ২০০৪ সালের জরিপে সুন্দরবনের নদীগুলোতে ২২৫টি গাঙ্গেয় ও ৪৫১টি ইরাবতী ডলফিন এবং বঙ্গোপসাগর উপকূলে শতাধিক গোলাপি ও পাখাবিহীন ডলফিন দেখতে পাওয়া যায়।প্রধান বন সংরক্ষক ইশতিয়াক উদ্দিন আহমেদ এ ব্যাপারে প্রথম আলোকে বলেন, সরকার ডলফিনের বিচরণক্ষেত্র সংরক্ষণের জন্য সুন্দরবনের দুধমুখীসহ তিনটি এলাকাকে ডলফিনের অভয়ারণ্য হিসেবে ঘোষণা করার প্রস্তুতি নিয়েছে। এ ব্যাপারে একটি প্রস্তাবনা পরিবেশ ও বন মন্ত্রণালয়ে পাঠানো হচ্ছে।