সুন্দরবনের নাপিতখালী ও পচাকুড়ালিয়ার আগুন নিয়ন্ত্রণে
সুন্দরবন পূর্ব বিভাগের ধানসাগর স্টেশনের নাংলি ক্যাম্পের নাপিতখালী ও পচাকুড়ালিয়া এলাকার আগুন পুরোপুরি নিভিয়ে ফেলা হয়েছে। তবে আজ শুক্রবারও জ্বলছিল নাংলি এলাকার আগুন। দমকল ও বনকর্মীরা স্থানীয় শ্রমিকদের নিয়ে সেখানে আগুন নেভানোর কাজ করে যাচ্ছেন।সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মিহির কুমার দো আজ বিকেলে এ কথা জানিয়ে বলেছেন, আগুন নিয়ন্ত্রণে এসেছে। তিনি বলেন, আগুনে নাপিতখালী ও পচাকুড়ালিয়া এলাকায় প্রায় পাঁচ একর এবং নাংলিতে প্রায় চার একর বন ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রসঙ্গত, গত বুধবার দুপুরে নাংলি ক্যাম্পের নাংলিতে এবং মঙ্গলবার বিকেলে নাপিতখালী ও পচাকুড়ালিয়া এলাকায় আগুন লাগার ঘটনা ঘটে। এর আগে ১ মার্চ নাংলি ক্যাম্পসংলগ্ন পৃথক একটি স্থানে আগুন লেগে প্রায় তিন একর বন পুড়ে যায়। আগুনের কারণ ও ক্ষতির পরিমাণ নিরূপণে বন বিভাগের দুটি তদন্ত কমিটি কাজ করছে। সুন্দরবন বিভাগের বন সংরক্ষক গতকাল বৃহস্পতিবার ঘটনাস্থলগুলো পরিদর্শন করেছেন। শুক্রবার বিকেলে তিনি এই প্রতিবেদককে জানান, কাল শনিবার নাগাদ আগুন সম্পূর্ণ নিভিয়ে ফেলা যাবে বলে তিনি আশাবাদী। তবে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে রোববার পর্যন্ত সেখানে দমকল বাহিনী রাখা হবে।