সুন্দরবনের ভাঙন বাড়ছে
সুন্দরবন ভাঙছে বেশি, গড়ছে অনেক কম। বনের পূর্ব দিকের চেয়ে পশ্চিমে ভাঙন বেশি। গত প্রায় চার দশকে ভাঙনের কারণে গড়ে প্রতিবছর প্রায় ছয় বর্গকিলোমিটার করে ২৩৩ বর্গকিলোমিটার বন ধ্বংস হয়েছে। কিন্তু পলি পড়ে জেগে ওঠা বনের পরিমাণ অর্ধেকেরও কম, ১০৪ বর্গকিলোমিটার।গবেষকদের ধারণা, উজানের নদীগুলোর ক্ষীণ প্রবাহ ও সমুদ্র স্রোতের মধ্যে ভারসাম্যহীনতা ভাঙাগড়ার ব্যবধান বাড়াচ্ছে। পাশাপাশি জলবায়ু পরিবর্তনেরও প্রভাব আছে।বিশেষজ্ঞদের আশঙ্কা, ভাঙাগড়ার এই প্রবণতা স্থায়ী হলে বিশ্বের সবচেয়ে বড় এ ম্যানগ্রোভ বা শ্বাসমূলীয় বনটি ক্রমেই সংকুচিত হয়ে আসবে, অন্তত এর বাংলাদেশের অংশ। প্রভাব পড়বে বনজ সম্পদের ওপর। বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান, স্পারসো পরিচালিত ‘সুন্দরবনে উপকূলীয় ভাঙন: একটি সময়ানুক্রমিক বিশ্লেষণ’ শীর্ষক চলমান এক গবেষণায় এসব তথ্য পাওয়া গেছে। গবেষণাটি শুরু হয় ২০০৯ সালে। গবেষণাটি পরিচালনা করছেন প্রতিষ্ঠানটির জ্যেষ্ঠ বৈজ্ঞানিক কর্মকর্তা মাহমুদুর রহমান।গবেষণায় ভূ-সম্পদ জরিপের উপগ্রহ বা ল্যান্ডস্যাটে তোলা সুন্দরবনের ১৯৭২ থেকে ২০১০ সালের চিত্র থেকে পাওয়া তথ্য বিশ্লেষণ করা হয়। এসব চিত্র ও তথ্য সংগ্রহ করা হয় মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ প্রতিষ্ঠানের (ইউএসজিএস) কাছে থেকে। সুন্দরবনের বাংলাদেশ অংশের প্রাকৃতিক শ্বাসমূলীয় বন, লাগানো বন, উন্মুক্ত এলাকা ও পানি—এ চারটি শ্রেণীতে ভাগ করা হয়। এর পাশাপাশি বনের পূর্ব ও পশ্চিমাংশে মোট ১০টি ভাঙনপ্রবণ এলাকার চিত্র নিবিড়ভাবে বিশ্লেষণ করা হয়। মাহমুদুর রহমান বলেন, ভাঙন ও ভূমি গঠনের ব্যবধান গত চার দশকে ক্রমশ বেড়েছে। এ প্রবণতা চলতে থাকলে সুন্দরবনের আয়তন ধীরে ধীরে কমে আসতে পারে। এর ফলে পশুপাখির বিচরণক্ষেত্র হ্রাস পাবে, কমবে জীববৈচিত্র্য। গবেষণাটি বলছে, সুন্দরবনে ভাঙন ও গঠন দুই ভিন্ন পথে চলছে। ভাঙন চলছে ধারাবাহিকভাবে, কিন্তু গঠন অনিয়মিত ও বিচ্ছিন্ন। ভাঙন ও গঠনকে অবশ্য সুন্দরবনের স্বাভাবিক বৈশিষ্ট্য বলছেন অধ্যাপক এ কে ফজলুল হক। তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের সুন্দরবন বিষয়ে পর্যবেক্ষণ ও অধ্যয়ন কেন্দ্র সেন্টার ফর স্টাডি অন দ্য সুন্দরবনসের পরিচালক। তবে তাঁর মতে, বনের পশ্চিম অংশে হঠাৎ ভাঙন বেড়ে যাওয়ার প্রবণতা অস্বাভাবিক। তিনি বলেন, সুন্দরবনের ভৌত পরিবেশের কোনো পরিবর্তন হচ্ছে কি না, তা বোঝার জন্য আরও বড় ও দীর্ঘমেয়াদি গবেষণা দরকার।পশ্চিম অংশের বন ধ্বংসের সম্ভাব্য প্রভাব সম্পর্কে এ কে ফজলুল হক বলেন, ‘বনের এই অংশে গরানই মূল গাছ। ভাঙনের ফলে তাই স্বাভাবিকভাবে গরানের সংখ্যা কমে আসবে। এই অঞ্চলের মান্দারবাড়ী এলাকায় বিপন্নপ্রায় সামুদ্রিক জলপাই কাছিম ডিম পাড়ার জন্য আসে। এসব জায়গা ধ্বংস হলে এদের অস্তিত্ব হুমকির মুখে পড়বে।’কেন ভাঙাগড়া: গঙ্গাবাহিত পলি থেকে সমুদ্রের উপকূল ঘেঁষে গড়ে ওঠে এ বন। পলি গঠনের এই ধারা গতিশীল। প্রাকৃতিক নিয়মে এখানে ভাঙাগড়া চলে। মাহমুদুর রহমানের মতে, ভাঙন বাড়ার সম্ভাব্য কারণের একটি হলো, উজানে গঙ্গার মূল প্রবাহ কমে আসা। আগে সুন্দরবনের ভেতর দিয়ে প্রবাহিত নদী ও সমুদ্র স্রোতের মধ্যে একটা ভারসাম্য ছিল। কিন্তু এখন সমুদ্রের দাপুটে স্রোতের সঙ্গে ভারসাম্য রাখতে পারছে না এসব নদীর ক্ষীণ প্রবাহ। আর তাতে ভাঙন বাড়ছে। পাশাপাশি জলবায়ু পরিবর্তনের কারণে বৈশ্বিক উষ্ণতা বেড়ে যাওয়ায় সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ছে। ভাঙনের এটাও একটা কারণ হতে পারে।উজানের নদীগুলোর প্রবাহ কমে গেছে, এ ধারণার সঙ্গে একমত পানিবিশেষজ্ঞ ড. আইনুন নিশাত। সুন্দরবনের সাম্প্রতিক ভাঙন জলবায়ু পরিবর্তনের ফল কি না, সে বিষয়ে তিনি বলেন, ‘এখন প্রতিবছর সমুদ্রপৃষ্ঠের উচ্চতা পাঁচ থেকে ছয় মিলিমিটার বৃদ্ধি পাচ্ছে বলা হচ্ছে। কক্সবাজার সৈকতের লাবনী পয়েন্টে একাধিক জায়গায় উচ্চতা বৃদ্ধির প্রবণতা লক্ষ করা গেছে। সুন্দরবনের ভাঙন সমুদ্রের এই উচ্চতা বৃদ্ধির সঙ্গে সম্পর্কিত কি না, তা প্রমাণসাপেক্ষ।’ সুন্দরবনের সাম্প্রতিক সময়ের ভাঙন কি উদ্বেগজনক? জবাবে আইনুন নিশাত বলেন, ‘ভাঙনের চেয়ে আমার বড় উদ্বেগ হলো ভেঙে যাওয়া অংশ কোথায় গিয়ে জড়ো হচ্ছে, সে বিষয়টি নিয়ে। কেননা, সাম্প্রতিক সময়ে অব্যাহতভাবে পলি পড়ে সুন্দরবনের অনেক খালের মুখ বন্ধ হয়ে গেছে।’ খুলনা বিশ্ববিদ্যালয়ের পরিবেশবিজ্ঞান বিভাগের অধ্যাপক দিলীপ দত্ত বলছেন, ‘আমাদের ভূখণ্ড অগ্রসরমান বদ্বীপ। কিন্তু উজানের পানির প্রবাহ কমে যাওয়ায় পলিপ্রবাহ কমেছে, বদ্বীপ গড়ে ওঠা বাধাগ্রস্ত হচ্ছে। সুন্দরবনের ভাঙন প্রক্রিয়া এটা জানান দিচ্ছে।’বাংলাদেশ বন বিভাগের সর্বশেষ (২০০০ সাল) তথ্যমতে, সুন্দরবনের আয়তন ১০ হাজার ২০০ বর্গকিলোমিটার। এর মধ্যে বাংলাদেশ অংশ ছয় হাজার ১৭ বর্গকিলোমিটার। আর ভারতের অংশ চার হাজার ১৮৩ বর্গকিলোমিটার। বাংলাদেশের মোট বনের ৪০ শতাংশই সুন্দরবন। বন বিভাগের খুলনা সার্কেলের অধীন পুরো সুন্দরবন। পূর্ব ও পশ্চিম—এ দুই ভাগে বনটি প্রশাসনিকভাবে বিভক্ত। গবেষণায় দেখা গেছে, পূর্ব বন বিভাগের বলেশ্বর নদের তীরবর্তী চান্দেশ্বর এলাকা থেকে পশ্চিমের রায়মঙ্গল নদীর মাথাভাঙা এলাকা পর্যন্ত সমুদ্র তীরবর্তী এলাকায় কমবেশি ভাঙন হচ্ছে।বনের ভাঙাগড়ার এই সাম্প্রতিক প্রবণতা সম্পর্কে বন বিভাগের কাছে কোনো তথ্য নেই বলে জানান সুন্দরবন পশ্চিমের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) জহির উদ্দিন আহমেদ। তিনি বলেন, ‘গবেষণাটি বন সম্পর্কে আমাদের নতুন তথ্য দিল। আমাদের কাজ হবে মানুষের কারণে বনের যে ধ্বংস হচ্ছে, তা রোধ করা।’