সুন্দরবনের ভেতরের নৌ-রুট বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুন্দরবনের ভেতর দিয়ে তেল ট্যাংকার ও কার্গো চলাচল বন্ধ করার পদক্ষেপ নিতে পরিবেশ ও বন মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।গত বুধবার প্রধানমন্ত্রীর নির্দেশ পেয়ে পরিবেশ ও বন মন্ত্রণালয় নৌপরিবহন মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে। নৌ মন্ত্রণালয় এবারও ব্যবস্থা না নিলে বন আইন ও বন্য প্রাণী সংরক্ষণ আইন অনুযায়ী পরিবেশ মন্ত্রণালয় প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে চিঠিতে জানানো হয়েছে।গতকাল বৃহস্পতিবার সুন্দরবন পূর্ব বন বিভাগ বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষকে (বিআইডব্লিউটিএ) আরেকটি চিঠি দিয়েছে। অবিলম্বে ওই রুট বন্ধ না করলে বন বিভাগ নিজ উদ্যোগে তা বন্ধ করে দেবে উল্লেখ করে চিঠিতে বলা হয়, ‘বগী-শরণখোলা-দুধমুখী-হরিণটানা-আন্ধারমানিক-মৃগনারী-চাঁদপাই নৌপথে তেলবাহী ট্যাংকারসহ সব ধরনের জলযান চলাচল বন্ধের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পুনরায় অনুরোধ করা হলো।...ওই রুট বন্ধের অন্যথা হলে বন বিভাগ নিজ উদ্যোগ ওই রুটে জাহাজ চলাচল বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। এতে আইনশৃঙ্খলা-পরিস্থিতির কোনো সমস্যা সৃষ্টি হলে সে জন্য বন বিভাগ দায়ী থাকবে না।’ পরিবেশ ও বন প্রতিমন্ত্রী হাছান মাহমুদ প্রথম আলোকে বলেন, সুন্দরবনের ভেতর দিয়ে নৌযান চলাচলের ব্যাপারে প্রধানমন্ত্রী উদ্বেগ জানিয়েছেন। ওই রুট বন্ধ করতে তিনি পরিবেশ ও বন মন্ত্রণালয়কে উদ্যোগ নিতে বলেছেন। মন্ত্রণালয় সে অনুযায়ী ব্যবস্থা নিচ্ছে।নৌপরিবহনসচিব আবদুল মান্নান হাওলাদার এ ব্যাপারে প্রথম আলোকে বলেন, ‘আমরা পরিবেশ ও বন মন্ত্রণালয়ের কাছে বিকল্প পথ বের করার জন্য কিছুদিন সময় চেয়েছি। এক সপ্তাহের মধ্যে একটি জরিপ চালিয়ে বিকল্প পথ বের করার উদ্যোগ নেওয়া হচ্ছে।’ তিনি বলেন, নতুন রুট চিহ্নিত হওয়ার পর সুন্দরবনের ভেতর দিয়ে নৌযান চলাচল বন্ধ করে দেওয়া হবে।