সুন্দরবনের শঙ্খচূড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিবশঙ্কর মিত্রের লেখা ‘সুন্দরবনের আইরাজ’ শীর্ষক একটি গল্প পড়ে শিহরিত হয়েছিলাম। সেখানে বিরাট আকারের এক বিষধর সাপের সঙ্গে ভয়ংকর সংঘাতের কথা লেখা আছে।সুন্দরবনে বহুবার গিয়ে এ সাপ দেখার চেষ্টা করেছি—জেলে, বাওয়ালি, বনকর্মীদের কাছে জিজ্ঞাসাও করেছি এ সাপ সম্পর্কে। আমার চোখে পড়েনি, অন্যরাও কিছু বলতে পারে না। শেষ পর্যন্ত বইপত্র ঘাঁটতে ঘাঁটতে জানতে পারলাম, পৃথিবীর দীর্ঘতম বিষধর সাপ, যার বাংলা নাম ‘শঙ্খচূড়’—এটিকেই ওডিশায় বলা হয় ‘অহিরাজ’। ‘আইরাজ’ তারই বিকৃত রূপ। এর মধ্যে সাপটি সম্পর্কে মোটামুটি জেনেছি, অন্তত দেখলেই চিনতে পারব।১৯৯৬ সালে পাখিবিদ ইনাম আল হক, বন্ধু মঈন আহমেদসহ পশ্চিম সুন্দরবনের আংটিহারায় ঘুরতে গিয়ে দেবেন্দ্রনাথ মণ্ডল নামের সুন্দরবনের বিষয়ে অভিজ্ঞ একজন মানুষের সন্ধান পাই। কথায় কথায় জানালেন, তিনি একটি ‘পাতরাজ’ সাপ পোষেন। এটি তিনি ধরেছেন ভ্রমরখালীর জঙ্গল থেকে। দেখতে চাইলে পরদিন সকালে তাঁর ভাইপো সাপটি নিয়ে আসে। দেখেই চিনতে পারলাম সাত-আট ফুট দৈর্ঘ্যের শীর্ণ সাপটিকে—শঙ্খচূড়। খুবই শীর্ণ আর দুর্বল, ফণা বিস্তারেও ক্লান্ত হয়ে পড়ছে। সকালে জঙ্গলে ঢুকব বলে তাড়া ছিল। বিকেলে ফিরে এসে সাপটির ছবি তুলতে চাইলাম। শুনলাম, সাপটি মারা গেছে। কী খেতে দেওয়া হতো সাপটিকে, জানতে চাইলে শুনতে পেলাম, মাছ দেওয়া হতো। পরে জানতে পেরেছি, শঙ্খচূড়ের খাদ্য হলো অন্যান্য সাপ, গুঁইসাপ, পাখি ইত্যাদি। এ সাপের বৈজ্ঞানিক নাম Ophiophagus hannah মানে সাপখেকো। আগের বৈজ্ঞানিক নাম ছিল Naja hannah। এর ইংরেজি নামটিও ভুলভাবে ব্যবহূত হয়—কিং কোবরা। এটি যদিও ফণা তুলতে পারে, কিন্তু এ সাপ গোক্ষুরজাতীয় নয়। এখন ইংরেজিতে একে বলা হয় হ্যামাড্রায়াড।শঙ্খচূড় দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার সাপ। ভারতের পশ্চিমঘাট পর্বতমালা, শ্রীলঙ্কা, হিমালয়ের তরাই, পূর্ব ভারত, বাংলাদেশ থেকে শুরু করে বোর্নিও পর্যন্ত এ সাপ দেখা যায়। এমনকি আন্দামানেও শঙ্খচূড় বাস করে। মূলত এটি মিশ্র বৃষ্টিপাত ও রেইন ফরেস্ট এলাকার সাপ। দৈর্ঘ্যে এ সাপ উপমহাদেশে ১৫-১৬ ফুট হয়, তবে থাইল্যান্ডে ১৮ ফুট সাপও দেখা যায়। অত্যন্ত শক্তিশালী এ সাপ পুরুত্বে মানুষের বাহুর সমান। এর বিষথলিতে গোখরো সাপের চেয়ে ছয়গুণ বেশি বিষ আঁটে। বিষ প্রধানত নিওরোটক্সিক।শঙ্খচূড় একেবারেই জঙ্গুলে সাপ। মানুষের বসতির ধারেকাছেই থাকে না। মানুষের সাড়া পেলে সরে যায়। বর্ষার আগে মেয়ে শঙ্খচূড় মাটিতে পাতা স্তূপ করে বাসা তৈরি করে লম্বাটে ডিম পাড়ে এবং তা দেয়। এ সময় কেউ বাসার কাছাকাছি হলে মা-সাপ প্রচণ্ড হিসহিস শব্দ করে মুখ হা করে অনধিকার প্রবেশকারীকে তাড়া করে। বিরাট সাপ হলেও এরা অত্যন্ত দ্রুতগামী। ডিমফোটা বাচ্চার রং হয় কালোর ওপর হলুদ বলয় মেশানো। সাপ খুব বড় হয়ে গেলে হলুদ বলয়গুলো আস্তে আস্তে মিলিয়ে যায়।অন্যান্য বিষধর সাপ যেখানে নিশাচর, শঙ্খচূড় সেখানে মূলত দিবাচর; তবে রাতেও শিকার ধরে। পড়ন্ত বিকেল বা সকালে এরা বেশি সপ্রতিভ।পৃথিবীর অন্যান্য শঙ্খচূড়-অধ্যুষিত এলাকায় শঙ্খচূড় অত্যন্ত দুর্লভ সাপ। অথচ আমাদের পূর্ব সুন্দরবনে এ সাপ বেশ সহজেই দেখা যায়। ২০০০ সালে আমি বন্য অবস্থায় শঙ্খচূড় প্রথম দেখি। এখন প্রায়ই দেখি। কারণ, এখন জেনে গেছি, কখন, কোথায় শঙ্খচূড়কে খুঁজতে হবে। সিলেট, চট্টগ্রামের বনেও শঙ্খচূড় আছে।