সুন্দরবনের শীর্ষ বনদস্যু নাসির ‘বন্দুকযুদ্ধে’ নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনার বটিয়াঘাটা উপজেলায় সুন্দরবনের শীর্ষ বনদস্যু নাসির বাহিনীর প্রধান নাসির শেখ (৩২) র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন। আজ মঙ্গলবার ভোরে উপজেলার নারায়ণখালী এলাকায় এ ঘটনা ঘটে।র‌্যাব-৬ ও বটিয়াঘাটা থানা সূত্রে জানা গেছে, গত ২৭ জুন নাসির বাহিনী সুন্দরবন এলাকায় ৪০ জন জেলেকে অপহরণ করে। এরপর ওই জেলেদের উদ্ধার ও নাসির বাহিনীর সদস্যদের ধরতে র‌্যাব বিশেষ অভিযান শুরু করে। কয়েক দিন আগে র‌্যাব জানতে পারে, নাসিরসহ তার বাহিনীর সদস্যারা বটিয়াঘাটার নারায়ণখালী এলাকায় জিম্মিদের স্বজনদের কাছ থেকে টাকা নেওয়ার জন্য অবস্থান করছে।র‌্যাবের দাবি, এ খবরের ভিত্তিতে আজ ভোট চারটার দিকে তাদের একটি দল সেখানে নাসির বাহিনীকে ঘিরে ফেলে। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে নাসির বাহিনীর সদস্যরা গুলি চালায়। আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি চালায়। গোলাগুলি শেষে ঘটনাস্থলে নাসিরকে আহত অবস্থায় পাওয়া যায়। বাটিয়াঘাটা থানার পুলিশ তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।র‌্যাব দাবি করেছে, ঘটনাস্থল থেকে একটি বিদেশি রিভলবার, একটি দেশি পিস্তল, চার রাউন্ড পিস্তলের গুলি, টর্চলাইট ও বেশ কিছু গুলির খোসা উদ্ধার করা হয়েছে।বটিয়াঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদের বেগ বলেন, নাসিরের বিরুদ্ধে থানায় হত্যা চাঁদাবাজিসহ বেশ কয়েকটি অনেক অভিযোগ রয়েছে।র‌্যাব-৬-এর উপপরিচালক বদরুদ্দোজা নিশ্চিত করেন যে তাঁর নেতৃত্বে র‌্যাব সদস্যরা ওই অভিযান চালান।নিহত নাসির শেখ বাগেরহাটের দশআনি এলাকার আবদুর শেখের ছেলে।